১১:২৮ পি.এম
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন মিরপুরসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, এমনটি জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধাপে ধাপে পুরো ঢাকা শহর জুড়ে অভিযান পরিচালনা করা হবে।
আজ বুধবার সকালে ও বিকেলে দুই দফায় রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবৈধ দখল ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় তিনি এই ঘোষণা দেন। মিরপুর, শাহ আলী, দারুস সালাম এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে অস্বচ্ছল পরিবারের ৫০ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে কাকলি খেলাঘরের আর্থিক সহায়তা
অভিযান চলাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, কিছু অসাধু হকার ও দখলদার দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের অধিকার ক্ষুণ্ন হচ্ছিল। স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন মার্কেট কমিটির নেতারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন।
তিনি আরও বলেন, জনগণের হাঁটার পথ উন্মুক্ত করে দেওয়া তার নৈতিক দায়িত্ব। সুতরাং, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসক আরও জানান, পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার পরও তাদের সঙ্গে সমন্বয় করে কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তা, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অভিযানে সহযোগিতা করেন।
আরও পড়ুন: ‘আওয়ামী লীগের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না’: আনিসুর রহমান
সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএনসিসি প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন