০৭:২৩ পি.এম
রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তির উপলক্ষ্যে, নগরবাসীর মাঝে শহরের ঐতিহ্য ও মমত্ববোধ জাগ্রত করতে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এই নৌকাবাইচের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, ১১ নিহত, বহু আহত
নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল নিরাপদ ও সচল রাখতে সরকার কাজ করছে।
বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরী নদীকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির কথাও উল্লেখ করেছেন।
সভাপতির বক্তৃতায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ঐতিহ্য রক্ষা এবং সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর সম্পৃক্ততা জরুরি। তিনি কামরাঙ্গীরচর এলাকায় ৮ লেনের সড়ক এবং দৃষ্টিনন্দন হাঁটার পথ নির্মাণসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে না পেয়ে প্রতিবেশী নরেশ বিশ্বাসকে আটকের অভিযোগ
নৌকাবাইচকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে বুড়িগঙ্গার দুই তীরে হাজার হাজার মানুষের ঢল নামে। পরিবার-পরিজন নিয়ে ট্রলার ও নৌকায় ভেসে নগরবাসী প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এতে প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অর্জন করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ উল্লেখযোগ্য ডিএসসিসি ও বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: ত্রিপল মার্ডারের আসামি মোতাহারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন