ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

জুম প্ল্যাটফর্মে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুনর্নির্ধারণ


জুম প্ল্যাটফর্মে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুনর্নির্ধারণ

ঢাকা, ১৭ জুন, ২০২৬ : অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানির হার পুনর্নির্ধারণ করেছে সরকার।

এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

গতকাল (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ১১ মাসের ছেলেকে কুকুরের খাঁচায় ভরে মাটিচাপা, বাবার জামিন নামঞ্জুর

অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম পরিপত্রে স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) আয়োজিত সেমিনার বা কর্মশালার জন্য সম্মানির নতুন হার নির্ধারণ করেছে। জারির তারিখ থেকেই এ পরিপত্র কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪ হাজার টাকা।

সেমিনার বা কর্মশালার সঞ্চালক পাবেন ৪ হাজার টাকা। একই হারে, অর্থাৎ জনপ্রতি ৪ হাজার টাকা করে সর্বোচ্চ তিন আলোচককে সম্মানি দেওয়া হবে।

আরও পড়ুন: সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল গ্রেফতার

এছাড়া, র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীদের জন্য সম্মানির হার জনপ্রতি আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ খাতে সর্বোচ্চ দুইজনকে সম্মানি দেওয়া যাবে।

অন্যদিকে, সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে ১ হাজার টাকা করে সম্মানি প্রদানের বিধান রাখা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনলাইনে আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক সম্মানির হার সংক্রান্ত অর্থ বিভাগের ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা ২২৯ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।

ফলে নতুন পরিপত্র অনুযায়ী ভবিষ্যতে সকল অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানি দেওয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে: রিজভী

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইনভিত্তিক সরকারি সভা, সেমিনার ও কর্মশালার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বর্তমান বাস্তবতা বিবেচনায় সম্মানির হার পুনর্বিন্যাস করা হয়েছে।

ফলে অনলাইনভিত্তিক জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণকারীদের উৎসাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“মাঠের বাইরেও নায়ক মেসি, স্ত্রী আন্তোনেলার হৃদয়ছোঁয়া বার্তা”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০০ পি.এম


“মাঠের বাইরেও নায়ক মেসি, স্ত্রী আন্তোনেলার হৃদয়ছোঁয়া বার্তা”

২০২৬ বিশ্বকাপে স্বপ্নের মতো সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি। এই ৩৮ বছর বয়সী মেসি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসারের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেছেন।

আর্জেন্টিনা অধিনায়কের এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন তার পরিবারও। স্টেডিয়ামের একটি বক্সে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা রকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। তারা সবাই মিলে দলের জয় উদযাপন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের আনন্দ ভাগ করে নেন।

আন্তোনেলা সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!’

এটি এখন যেন মেসি পরিবারের একটি নিয়মিত রীতি হয়ে দাঁড়িয়েছে। আন্তোনেলা ও তাদের তিন সন্তান সবসময়ই আর্জেন্টিনা অধিনায়ককে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকেন। টানা দ্বিতীয় বিশ্বকাপে তারা সবাই একসঙ্গে গ্যালারিতে থেকে মেসিকে উৎসাহ দিচ্ছেন। ছোট ছেলে সিরোর জন্ম ২০১৮ সালের মার্চ মাসে হয়েছে। এই কারণে, কাতার বিশ্বকাপের স্মৃতি তার খুব একটা মনে নেই। তবে চলতি বিশ্বকাপে সে তার মা এবং দুই ভাইয়ের সঙ্গে বাবাকে সমর্থন করতে মাঠে উপস্থিত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“চাঁদপুরে আর্জেন্টিনা ভক্তদের উল্লাসে শহরজুড়ে উৎসব”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০২ পি.এম


“চাঁদপুরে আর্জেন্টিনা ভক্তদের উল্লাসে শহরজুড়ে উৎসব”

চাঁদপুর, ১৭ জুন, ২০২৬ : বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার একটি মিশন শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস এবং চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্সের মাধ্যমে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দখলে রাখে।

দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ এক হ্যাটট্রিক করে একাই ৩-০ গোলের জয় নিশ্চিত করেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমিরাও।

আর্জেন্টিনার এই দাপুটে জয়কে কেন্দ্র করে চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। খেলা শুরুর আগ থেকেই সেখানে উৎসবের আমেজ বের হয়ে পড়ে।

বুধবার ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে আর্জেন্টিনা সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কারও গায়ে প্রিয় দলের জার্সি, কারও হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে তাদের দলের রঙ আঁকা নিয়ে এসেছিলেন। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই উত্তেজনার মাত্রা বাড়তে থাকে। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ এবং মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করছিল সমর্থকদের মাঝে।

মেসির প্রথম গোলের পরই বিশেষ সুখের মুহূর্তে আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। দ্বিতীয় গোলের পর চারদিকে বাজতে শুরু করে করতালি, শিস এবং উল্লাসের ধ্বনি। আর মেসির হ্যাটট্রিক পূর্ণ হতেই গোটা অডিটোরিয়াম যেন ছোট্ট এক আর্জেন্টিনায় পরিণত হয়ে যায়। অনেক সমর্থক আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায়।

আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, আর্জেন্টিনা শুধুই একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। প্রথম ম্যাচে মেসির অসাধারণ তিন গোলে আমরা দারুণ খুশি। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনাই। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

আর্জেন্টিনার আরেক সমর্থক মিতু বলেন, আমি আমার প্রিয় দলের খেলা দেখার জন্য রাত থেকেই অপেক্ষায় ছিলাম। আমি ভাবছিলাম, কখন সকাল হবে, কখন খেলা শুরু হবে। মেসির অসাধারণ পারফরম্যান্সে আমি মুগ্ধ। দলের খেলা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আমরা চাই আর্জেন্টিনা এভাবেই টুর্নামেন্টে এগিয়ে যাক। সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এই দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা অনেক বেশি জোরালো করেছে। চাঁদপুরের ফুটবলপ্রেমিরা বিশ্বাস করেন, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য তাদের অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকিতে, সতর্ক করল ফিচ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকিতে, সতর্ক করল ফিচ

বাংলাদেশে নবনির্বাচিত সরকারের ঘোষিত ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন বাজেটটির রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক ঋণ মূল্যায়ন সংস্থা ‘ফিচ রেটিংস’।

সংস্থাটির মতে, কর আদায় এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের অতীত রেকর্ড দুর্বল হওয়ায়, তাই এই বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) হংকং থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফিচ রেটিংস এই পর্যবেক্ষণ দেয়।

নতুন বাজেটে রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমানের ৮% থেকে বাড়িয়ে ১০.২% করার লক্ষ্য নেওয়া হয়েছে, যা ১৯৯৩ সালের পর সর্বোচ্চ। এটি অর্জনের জন্য বার্ষিক ১৮% রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন হবে। সরকার নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% আশা করলেও ফিচ রেটিংস বলছে, এই প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩.৫%।

দুর্বল ব্যাংকিং খাত, বেসরকারি খাতে ঋণের মন্দা ও বিনিয়োগের ওপর ক্রমাগত চাপের কারণেই প্রবৃদ্ধি কম হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এ ছাড়া বাজেটে ১৯% ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যার বড় অংশই যাবে সামাজিক খাত (২৯.৭%) এবং ভৌত অবকাঠামোতে (১৮.৭%)। ফিচ মনে করছে, অতীতের মতোই বাজেট পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায়, শেষ পর্যন্ত সরকারের রাজস্ব ও ব্যয় দুই-ই লক্ষ্যের চেয়ে কম হবে। ফলে বাজেট ঘাটতি জিডিপি’র ৩.৬%-এর মধ্যেই থাকবে।

সংস্থাটি কর আদায় বাড়াতে সহজ কর পদ্ধতি, কর ছাড় কমানো ও এসএমই খাতের ভ্যাট পরিপালন সহজ করার প্রস্তাব দিয়েছে।

তবে অতীতের দুর্বল বাস্তবায়নের কারণে এসব সংস্কারের সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে। বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অবকাঠামো নির্মাণকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা মধ্যমেয়াদে প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

আইএমএফের বর্তমান ঋণ কর্মসূচির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারিতে শেষ হতে চলায় বাংলাদেশ নতুন একটি কর্মসূচির অনুরোধ করেছে। তবে সংস্কার কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে সময় লাগতে পারে বলে ধারণা করছে ফিচ।

সংস্থাটি আরো জানায়, সরকারের মধ্যমেয়াদি লক্ষ্য হলো ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে মূল্যস্ফীতি ৫%-এ নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৮.৫%-এ উন্নীত করা।

এই লক্ষ্য অর্জনে প্রবাসী আয়ে ২.৫% নগদ প্রণোদনা বজায় রাখা, এক্সপ্রেসওয়ে উন্নয়ন এবং রপ্তানি বহুমুখীকরণে শুল্কমুক্ত আমদানি সুবিধার মতো কিছু ভালো উদ্যোগ বাজেটে নেওয়া হয়েছে। তবে এই সব কিছুরই চূড়ান্ত সফলতা নির্ভর করবে সরকার অতীতের তুলনায় কতটা শক্তিশালীভাবে এটি বাস্তবায়ন করতে পারে, তার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কালিমা’ খচিত থাকায় সৌদি পতাকা মাটিতে না রাখার সিদ্ধান্ত ফিফার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


‘কালিমা’ খচিত থাকায় সৌদি পতাকা মাটিতে না রাখার সিদ্ধান্ত ফিফার

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বিশ্বকাপের মঞ্চে একটি অনন্য নজির সৃষ্টি করেছে। উরুগুয়ের বিপক্ষে প্রাক-ম্যাচ অনুষ্ঠানে দুই দেশের জাতীয় পতাকা মাঠের সমান্তরালে প্রদর্শন করা হয়।

সৌদি আরবের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে, ফিফা তাদের জাতীয় পতাকাটি মাটি স্পর্শ করতে দেয়নি। বরং পুরো সময়টাই তাদের পতাকাটি উঁচিয়ে রাখা হয়েছিল।

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র বাণী ‘কালিমা’ খচিত রয়েছে। দেশের রাষ্ট্রীয় ও ধর্মীয় ঐতিহ্যের অনুযায়ী, পবিত্র এই বাণীযুক্ত পতাকা কোনোভাবেই মাটিতে নামানো বা রাখা যায় না। সাধারণত বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে পতাকাগুলো মাঠে নামিয়ে প্রদর্শন করার নিয়ম থাকে, তবে সৌদি ফুটবল কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে ফিফা এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে।

এছাড়া, শুধু একটি দলের পতাকা উঁচিয়ে রাখলে অন্য দলের প্রতি অসম্মান প্রদর্শন হতে পারে—এমন বিতর্ক এড়াতে দারুণ একটি সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। সৌদি আরবের পাশাপাশি উরুগুয়ের জাতীয় পতাকাটিও পুরো অনুষ্ঠানজুড়ে সমান উচ্চতায় উঁচিয়ে রাখা হয়। ফলে মাঠে এক চমৎকার সাম্য ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টিতে সহায়তা হয়।

উল্লেখ্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কেবল সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ধর্মীয় বাণী বা লিপি রয়েছে। সৌদির পতাকায় রয়েছে পবিত্র ‘কালিমা’ এবং ইরাকের পতাকায় খচিত রয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনি।

গোঁড়ামি ছাড়াই ভিন্ন একটি দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি ফিফার এই সংবেদনশীলতা ও সম্মান প্রদর্শন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%