০৬:১১ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত একটি বিরল প্রজাতির বন্য প্রাণী লজ্জাবতী বানর (Bengal Slow Loris) উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার জেরিন চা বাগান এলাকা থেকে স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সকালে জেরিন চা বাগানে যাওয়ার পথে রাস্তার পাশে আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পান খোকন মাদ্রাজি ও সাগর কাহার নামে দুই চা-শ্রমিক। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি গুরুতর আহত হয়েছে।
আরও পড়ুন: বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
পরে তারা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দেন। তবে বিরল এই বন্য প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিষয়টি বন বিভাগকে জানানো হয়।
খবর পেয়ে অনির্বাণ সেনগুপ্ত আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বর্তমানে প্রাণীটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, সকালে আহত লজ্জাবতী বানরটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে উদ্ধারকেন্দ্রে এর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আবরণযুক্ত (ইনসুলেটেড) বৈদ্যুতিক তার ব্যবহারের জন্য অনুরোধ করে আসছি। কিন্তু এখনো পুরো এলাকায় তা বাস্তবায়ন হয়নি। ফলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের আওতাধীন শ্রীমঙ্গলের বন্যপ্রাণীরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন