১০:১১ এম
বরিশাল নগরীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে শুভ (২৭) নামে একজন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার বন্ধু আরিফ (৩০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর বান্দ রোডের কেডিসি সংযোগ সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শুভ ও আহত আরিফের বাড়ি পটুয়াখালী জেলার লেবুখালী এলাকায় বলে জানা গেছে।
আরও পড়ুন: মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার!
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লঞ্চঘাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে শুভ ও আরিফ দ্রুতগতিতে আসছিলেন। এ সময় কেডিসি রোড থেকে একটি হলুদ অটোরিকশা মূল সড়কে ওঠার চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট না থাকায় তারা মারাত্মকভাবে আহত হন। এরপর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যান। আহত আরিফের চিকিৎসা চলমান বলে জানা গেছে।
কোতয়ালী মডেল থানার এসআই সেলিম রেজা বলেছেন, “দুর্ঘটনায় আহত শুভ হাসপাতালে মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন: শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু লিখতে পারেন না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন