০৯:৪৪ এম
টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সূত্রে খবর, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯ জুলাই রাত ১০টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়। তারা দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতে এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সেন্টকম তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালাতে প্রস্তুত বলেও জানান।
এদিকে, ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে যে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল খোরমোজ শহরের একটি এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হামলার পর শহরের কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়। খোরমোজ শহরটি বুশেহর প্রদেশের দাশতি জেলার প্রশাসনিক কেন্দ্র এবং এটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত। সেখানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন
অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকায় আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করা হয়েছে। সংবাদ সংস্থাটি উল্লেখ করেছে যে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন