প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির প্রধান সমস্যা হলো আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা। এনসিপির সাবেক নেত্রী সামান্তা শারমিন মন্তব্য করেছেন যে, গণতান্ত্রিক ব্যবস্থা নিরূপণের জন্য দেশে আওয়ামী লীগের প্রয়োজন নেই। তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, "আমরা আওয়ামী লীগকে কি একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখব, নাকি একটি ফ্যাসিবাদী চরিত্র হিসেবে দেখব—এটা আমাদের চিহ্নিত করতে হবে।" তিনি আরও বলেন, বিএনপির প্রধান সমস্যা হচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে। যাঁরা জীবন দিয়ে লড়াই করেছেন, তাঁরা একে ফ্যাসিবাদ হিসেবে দেখেন।
তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ দিয়ে বলেন, "এই জায়গাগুলো খুব পরিষ্কার হওয়া প্রয়োজন।" তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি একটি দোদুল্যমানতার সুযোগ নিচ্ছে, তবে এই সুযোগ হয়তো আর কিছুদিন থাকবে না।
সরকারের উদ্দেশে তিনি ভয়ের সংস্কৃতি পরিহার করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, "ভয়ের মাধ্যমে জাতীয় ঐক্য প্রক্রিয়া না করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া করুন।" তিনি উল্লেখ করেন, "আপনাদের আসলে পুরো বাংলাদেশের, প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং প্রতিটি রাজনৈতিক ব্যক্তি ও পক্ষের সহায়তা প্রয়োজন।" কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দিয়ে ভয়ের সংস্কৃতির মাধ্যমে জনগণকে ভয় দেখাচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার সংস্কারের দাবি জানিয়ে সামান্তা শারমিন বলেন, "সরকারকে সাহায্য করতে চাওয়ার কথা বারবার বলতে আর ভালো লাগছে না; বরং সরকার যেন তাদের রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করে, পুলিশ সংস্কার করে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার করে।" তিনি দলীয় প্রশাসক ও নিয়োগের সমালোচনা করে বলেন, "আজকেই খবর এসেছে যে হাজারীবাগ এবং রামপুরায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অফিসে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে।" তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, "ককটেল বিস্ফোরণ ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত ও আহত করছে।"
বক্তব্যের শেষে ২০২৬ সালের নির্বাচনের উদাহরণ টেনে সামান্তা শারমিন বলেন, "২৬-এর নির্বাচনটাকে আপনারা দয়া করে খুব ভালো করে লক্ষ্য করবেন। ২৬-এর নির্বাচনে এক ফোঁটা রক্তপাত হয়নি। এক ফোঁটা রক্তপাত ছাড়াও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে পারি।" তিনি পুনরায় মন্তব্য করেন যে, "এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন