প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলার উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে বিএনপি। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, নেতাকর্মীদের সক্রিয়তা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও বিশেষ টিম কাজ করছে। স্থানীয় পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ বিরোধ ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিশেষ টিমের সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলটির প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা এই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। বিশেষ টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বিএনপির হাইকমান্ড সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো পক্ষ যাতে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিবরা অংশ নেন। এসব এলাকায় নির্বাচনে অংশ নেওয়া নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, পাঁচ সদস্যের এ টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানোর বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।
বিএনপির নেতারা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শুধু কেন্দ্রীয় নির্দেশনা যথেষ্ট নয়। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে যেন কেউ ব্যক্তিগত উদ্যোগে কোনো সংঘাতে না জড়ান।
বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতা এবং শ্রমিক অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
এর আগে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সংসদীয় দলের সভায় তিনি অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার তাগিদ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন