শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৪ এম
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে দগ্ধ ও আহত হয়ে পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট সার্জন) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে রয়েছেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।
রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সবার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন (SpO₂) স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের মধ্যে রয়েছে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন এবং মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথনির্দেশ করে।
আজ শুক্রবার (২০ নভেম্বর), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
২৮৪ - ডায়োক্লেটিয়ান রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
৭৬২ - আন শি বিদ্রোহের সময় তাং রাজবংশ হুইহে উপজাতির সহায়তায় বিদ্রোহীদের কাছ থেকে লুওইয়াং পুনর্দখল করে।
১১৯৪ - হেনরি ষষ্ঠ, পবিত্র রোমান সম্রাট পালেরমো জয় করেন।
১৪০৭ - নির্ভীক জন, বারগান্ডির ডিউক এবং অরলিয়েন্সের ডিউক লুই একটি যুদ্ধবিরতিতে সম্মত হন।
১৪৪১ - ক্রেমোনার শান্তি চুক্তির মাধ্যমে ভেনিস প্রজাতন্ত্র এবং মিলানের ডাচির মধ্যে যুদ্ধের অবসান ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ টেস্ট ক্রিকেটের মঞ্চে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে লড়াইয়ের দ্বিতীয় দিন চলছে। একই সঙ্গে এশিয়া কাপ রাইজিং স্টার্সও অনুষ্ঠিত হচ্ছে।
ক্রিকেট
ওয়েলিংটন টেস্ট: ২য় দিন
নিউজিল্যান্ড–ভারত
ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
রাওয়ালপিন্ডি টেস্ট: ৪র্থ দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
এশিয়া কাপ রাইজিং স্টার্স
পাকিস্তান ‘এ’–আমিরাত
দুপুর ১২টা, সনি স্পোর্টস ২
ভারত ‘এ’–নেপাল
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১
ফুটবল
অ–১৭ বিশ্বকাপ ফুটবল
স্পেন–চীন
রাত ৮টা, ডিএজেডএন
ইতালি–জ্যামাইকা
রাত ৯টা, ডিএজেডএন
সেনেগাল–ক্রোয়েশিয়া
রাত ৯–৩০ মি., ডিএজেডএন
লা লিগা
বিলবাও–এসপানিওল
বেলা ২টা, টি স্পোর্টস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসমূহ এবং অন্যান্য স্থাপনায় ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ফলে অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সম্পদ বিদ্যমান ছিল।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এ পর্যন্ত ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে এপি।
সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের মূল লক্ষ্য ছিল আগাম সতর্কতামূলক ব্যবস্থা। এরপর এসব ঘাঁটির যুদ্ধবিমান ও বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে।
এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় বিমানঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে সংঘটিত হয়। এ ঘটনায় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভিতরে ঘটে।
মিজু অভিযোগ করেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। তবে তায়েফ মাহমুদের দাবি, মিজু মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি এবং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ ও সিফাতসহ তাদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করেন। হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এএম শোয়াইব।
সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিলের উদ্দেশ্যে হল থেকে বের হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে দুই গ্রুপের মাঝে একে অপরকে হুমকি ধামকি দেওয়ার ঘটনা ঘটে। মিছিল শেষ করে হলে ফেরার সময় আবার হলের ভিতরে দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের ৩য় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিল শেষ করে হলে ফেরার পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী মেজবাউল হক মিজু জানান, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তারা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহরাওয়ার্দী হল) দিকে আসছিলেন, তখন ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন তাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।
তিনি আরও বলেন, এএম শোয়াইব সোহরাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়েছিলেন গতকাল (বুধবার) আর আজকে তার ওপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা তার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যে কোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই তারা সেন্ট্রাল থেকে অনুমতি নেন। আজ যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের সঙ্গে নিয়ে মিছিল করতে বের হন, তখন তাদের জিজ্ঞেস করেন যে তারা অনুমতি নিয়েছেন কিনা। সেই সময় মিজু তার উত্তরে বলেন যে সে সেন্ট্রাল মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন তার এবং সিফাতসহ কয়েকজনের উপরে হামলা করে। তারা ওই সময় হামলা প্রতিহত করতে থাকেন। এরই মাঝে তাদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন এতে আহত হয়েছেন। গত ৫ নভেম্বর একইভাবে তাদের ওপর হামলা করে মিজুর অনুসারীরা।
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, তারা তিনটি হলের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব। এখানে তার কোনো সম্পৃক্ততা নেই। যিনি অভিযোগ করেছেন, তার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। তার বাড়ি ময়মনসিংহে হওয়ায় অনেকে মনে করেন, তিনি হয়তো এলাকার প্রভাব খাটান। তবে ওই ঘটনার সময় তিনি ক্যাম্পাসেও উপস্থিত ছিলেন না।
ভাসানী হলের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সাধারণত কোনো হলে মারামারির ঘটনা ঘটলে অন্য হলের শিক্ষার্থীরা তা দেখতে যায়। হয়তো আজও এমনটিই হয়েছে। তবে এ বিষয়ে ভাসানী হল থেকে কেউ তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব বলেন, তার এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরকম উলটাপালটা অভিযোগ দিচ্ছে। আর মিজু ছাত্রলীগের অনুসারী, সে ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। তাই ছাত্রলীগকে হাইলাইট করার জন্য এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এরকম অভিযোগ দিচ্ছে। আর হলের সিসি টিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে তার নেতৃত্বে কিছু হয়েছে কিনা। তিনি এটার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিনি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না। যেহেতু তাদের কথা মতে দুই পক্ষেরই দোষ রয়েছে। তারা তাদের হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চান যে আসল দোষী এখানে কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ