প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া পতিতাপল্লী ও আশপাশের কয়েকটি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ১০টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল, SRB এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
অভিযানটি কান্দাপাড়া পতিতাপল্লীর অভ্যন্তর, কান্দাপাড়া মাজার গেট, রবিদাসপাড়া এসএস আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকা, চাররাস্তার মোড় ও মধ্যম গলিসহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আলামত হিসেবে ২ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর হোসেন (৪৩), আনোয়ার (৪২), সোহাগ (২০), লিমন (১৯), ইফাতুল ইসলাম লিমন (২৩), বুলবুলি বেগম (৩০), সাদিয়া আক্তার (২১), সিজান (২০), জামিল খান (২২) এবং সরোয়ার হোসেন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবং নাগরপুর উপজেলার সহবতপুরে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম পাঁচজনকে এক মাস করে, ষষ্ঠ ও সপ্তম ব্যক্তিকে চার মাস করে, অষ্টম ব্যক্তিকে ১৫ দিন, নবম ব্যক্তিকে পাঁচ দিন এবং দশম ব্যক্তিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক রাহুল সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন