ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বালিয়াকান্দিতে তিন মাদকসেবী গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড


বালিয়াকান্দিতে তিন মাদকসেবী গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর এলাকা থেকে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। গতকাল ১০ আগস্ট সোমবার, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান শেখ (৩২), মো. আব্দুল্লাহ (২৫) এবং মো. আসাদ আলী (৩৩)। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল চর ফরিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে এবং তাদের আটক করে। পরে, আটককৃতদের উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।

আদালত মাদক সেবনের অভিযোগে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫১ এম


শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিবর্তনের ওপর নির্দেশনা দিয়েছেন। সোমবার (১০ আগস্ট) স্বাক্ষর করা নির্বাহী আদেশে শিশুদের জন্য নিয়মিতভাবে সুপারিশ করা টিকার সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১১টিতে সীমাবদ্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত এমএমআর টিকা আলাদা করে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ট্রাম্প বলেছেন, কয়েক দশক আগে শিশুদের তুলনামূলকভাবে টিকা কম দেওয়ার গুরুত্ব ছিল। তিনি বর্তমানে অটিজমের হার বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গ টেনে টিকার সংখ্যা কমানোর পক্ষে যুক্তি দেন। তবে বহু গবেষণায় দেখা গিয়েছে, বিশেষ করে এমএমআর টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ২০১৯ সালে ডেনমার্কে ৬ লাখ ৫৭ হাজার ৪৬১ শিশুর ওপর পরিচালিত একটি বড় গবেষণায়ও এমএমআর টিকার সঙ্গে অটিজমের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

নতুন নির্দেশনায় সব শিশুর জন্য হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল রোগ, মানব প্যাপিলোমা ভাইরাস এবং জলবসন্তের টিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী, এমএমআর টিকা একসঙ্গে না দিয়ে হাম, মাম্পস ও রুবেলার জন্য আলাদা টিকা আলাদা সময়ে দেওয়ার বিষয়টি সামনে আনতে বলা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, একসঙ্গে এমএমআর টিকা দিলে ঝুঁকি থাকতে পারে। তবে এই দাবির পক্ষে তিনি কোনো নতুন বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেননি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এমএমআর টিকায় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি খুবই কম। সংস্থাটি বলছে, এমএমআর টিকা নেওয়া হাম, মাম্পস বা রুবেলায় আক্রান্ত হওয়ার চেয়ে অনেক বেশি নিরাপদ। এমএমআর টিকাকে তিনটি আলাদা টিকায় ভাগ করার বৈজ্ঞানিক সুবিধার প্রমাণও পাওয়া যায়নি।

ট্রাম্পের এই উদ্যোগের সমালোচনা করেছেন শিশু চিকিৎসকদের সংগঠনসহ বেশ কয়েকজন চিকিৎসক ও রাজনীতিক। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি অ্যান্ড্রু রাসিন এটিকে বিপজ্জনক বলে মন্তব্য জানিয়েছেন। তার মতে, টিকা দেওয়ার দেরি করা বা বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে।

রিপাবলিকান সিনেটর ও চিকিৎসক বিল ক্যাসিডিও ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর এবং টিকার কারণে অটিজম হয় না।

তবে ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, এই পরিবর্তনের উদ্দেশ্য টিকা বন্ধ করা নয়; বরং অভিভাবকদের আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া।

এদিকে, স্কুলে ভর্তি হওয়ার জন্য কোন টিকা বাধ্যতামূলক হবে, সে বিষয়ে সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো নেয়। তাই প্রেসিডেন্টের এই নির্বাহী নির্দেশনা সরাসরি সব অঙ্গরাজ্যের টিকা-সংক্রান্ত নিয়ম পরিবর্তন করবে না।

বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, যদি টিকা নেওয়ার হার কমে যায়, তবে হামসহ প্রতিরোধযোগ্য রোগ আবার বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের বর্তমান টিকাদান নীতিতে শিশুদের বয়স ও রোগের ঝুঁকি অনুযায়ী টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫৫০ একর জমি দখলে নিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ এম


পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫৫০ একর জমি দখলে নিল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত প্রদেশে ৫৫০ একর ফিলিস্তিনি জমি দখল করেছে ইসরায়েল।

সামরিক কাজে ব্যবহারের কথা বলে উত্তরাঞ্চলীয় মারদা শহরের এসব জমি দখল করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর-প্রতিরোধ বিষয়ক কমিশন।

কমিশন জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে জানানো হয় যে, ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মারদা শহরের ২ হাজার ২২৪ দুনাম বা ৫৫০ একর জমি দখলের নির্দেশ দিয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক প্রয়োজনে জমি দখলের আদেশ ক্রমেই বাড়াচ্ছে বলে দাবি করেছে কমিশন।

নতুন আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল-আবহার এলাকার জমি রয়েছে।

আদেশে নির্দিষ্ট এলাকাটির নিয়ন্ত্রণ নিতে বলা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে জমিটির মালিকানা ইসরায়েলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তরের কথা উল্লেখ করা হয়েছে।

কমিশন জানিয়েছে, সামরিক আদেশের সঙ্গে থাকা মানচিত্র অনুযায়ী, দখল করতে যাওয়া জমিটি ৫০৫ নম্বর সড়কের ঠিক দক্ষিণে অবস্থিত।

স্থানীয় একটি সড়কের সঙ্গে ৫০৫ নম্বর সড়কের সংযোগস্থলের কাছেই এর অবস্থান।

এলাকাটি অবৈধ আরিয়েল বসতির উত্তরের দিকে যাওয়ার সড়ক থেকে কাছাকাছি অবস্থিত এবং মারদা ও জামাইনের মাঝামাঝি এলাকায় অবস্থিত।

কমিশনের মতে, এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

দখল করা জমিতে একটি টাওয়ার বা যোগাযোগ স্থাপনা নির্মাণই জমি দখলের ঘোষিত উদ্দেশ্য বলে জানিয়েছে কমিশন।

কমিশন আরো বলেছে, ফিলিস্তিনিদের জমি সাময়িকভাবে দখল এবং অবৈধ বসতিগুলোর আশপাশের সড়ক ও বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ বাড়াতে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘সামরিক প্রয়োজনে জমি দখলের’ আদেশ ক্রমেই বেশি ব্যবহার করছে।

গত ৩ আগস্টের এক বিবৃতিতে কমিশন জানায়, মাত্র জুলাই মাসেই ইসরায়েলি কর্তৃপক্ষ ৩৩টি সামরিক আদেশ জারি করেছে। এর মধ্যে ৩১টি ছিল ফিলিস্তিনিদের ২ লাখ ৫ হাজার ৩২৪ একর জমি দখলের নতুন আদেশ।

কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করে।

এসব এলাকায় ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্ট রয়েছে।

কমিশনের দাবি, ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষায় এসব বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে চলেছে।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ায় সামরিক গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ এম


লিবিয়ায় সামরিক গোয়েন্দা প্রধান নিহত

পূর্ব লিবিয়ায় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ফওজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বেনগাজির হাওয়ারি এলাকায় নিজের বাড়ির বাই তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। সেটি বিস্ফোরিত হওয়ার পর মানসুরি নিহত হন। তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো কোনো তথ্য দেয়নি।

বিস্ফোরক ডিভাইসটি কী ধরনের ছিল, তা নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। মানসুরিকে হত্যার এই ঘটনা লিবিয়ার দীর্ঘদিনের নিরাপত্তা সংকটকে আবার সামনে নিয়ে এসেছে। ২০২০ সালে যুদ্ধবিরতি হওয়ার পর দেশটিতে বড় ধরনের যুদ্ধ বন্ধ রয়েছে। তবে রাজনৈতিকভাবে দেশটি এখনো বিভক্ত। বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রশাসন ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে।

 

লিবিয়ার বর্তমান সংকটের শিকড় রয়েছে ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের মধ্যে। ওই বছর ন্যাটোর সমর্থনে হওয়া এক বিদ্রোহের মাধ্যমে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। পরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাড়তে থাকে। ২০১৪ সালে লিবিয়া কার্যত পূর্ব ও পশ্চিমের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়।

এরপর থেকে দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই চলতে থাকে।

সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বর্তমানে পূর্ব ও দক্ষিণ লিবিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে। বাহিনীটি বেনগাজিভিত্তিক কর্তৃপক্ষের সঙ্গে জোটবদ্ধ। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্য সরকার রাজধানী ত্রিপোলিভিত্তিক। এই সরকার পশ্চিম লিবিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।

২০২০ সালের যুদ্ধবিরতের পর বড় ধরনের সংঘাত কমলেও রাজনৈতিক বিভাজন এখনো কাটেনি। এর মধ্যেই এলএনএর সামরিক গোয়েন্দা প্রধানকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটল। ফলে ঘটনাটি দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্য বাড়াতে চায় মেটা, উন্মুক্ত মিউজ গ্লিমার এআই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্য বাড়াতে চায় মেটা, উন্মুক্ত মিউজ গ্লিমার এআই

মেটা, সামাজিকমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ প্রকাশ করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই এই ধরনের আরও মডেল বাজারে আনা হবে।

নতুন এই মডেলটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় এআই মডেলের তুলনায় আকারে অনেক ছোট। তবে এটি বড় মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার পরিবর্তে স্বয়ংক্রিয় বা এজেন্টিক কাজের জন্য তৈরি করা হয়েছে ‘মিউজ গ্লিমার’।

এটি একটি মাত্র গ্রাফিক্স কার্ড ব্যবহার করে ম্যাক বা পিসিতে সহজেই চালানো যাবে। অর্থাৎ, এর ফলে ক্লাউডের ওপর নির্ভর না করে ব্যক্তিগত ডিভাইসে এআই ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এই ওপেন-ওয়েট মডেলের উল্লেখযোগ্য সুবিধা হলো এটি খরচে কম। ওপেনএআই বা অ্যানথ্রপিকের মতো ফ্রন্টিয়ার এআই প্রতিষ্ঠানের মডেলের সঙ্গে তুলনা করলে, এসব মডেল সাধারণত অধিক সাশ্রয়ী। উপরন্তু, এর মূল প্রযুক্তিগত উপাদান উন্মুক্ত থাকায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেলটি কাস্টমাইজ করার সুযোগ পেয়ে থাকেন। অন্যদিকে, ক্লোজড মডেলগুলোর মূল প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের আওতায় থাকে।

এদিকে, চীনের এআই সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওপেন-সোর্স এআই মডেলের ওপর বিধিনিষেধ কমানোর জন্য আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

গত বছর এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থানকে জোরদার করতে মেটা বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে একটি সুপারইন্টেলিজেন্স টিম গঠন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%