০৮:৩৪ পি.এম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিযানের ফলে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে, একটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আরও দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে এ অভিযানটি পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
এই অভিযানকালে মোট ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ভবেরচর ইউনিয়নের গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ করা হয়। আসন্ন ইউনিয়নের ভবেরচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং জামালদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
অন্যদিকে, জামালদী এলাকার শুকরিয়া ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মেঘনা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানমসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন নদীতে ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন