০৪:০২ পি.এম
জীবন কখনো একইভাবে প্রবাহিত হয় না। কখনো সুখ, সাফল্য ও প্রাপ্তির আনন্দে হৃদয় ভরে ওঠে, আবার কখনো দুঃখ, ব্যর্থতা, অসুস্থতা, আর্থিক সংকট কিংবা প্রিয়জনের বিচ্ছেদ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। জীবনের এই উত্থান-পতনে অনেকেই দিশাহারা হয়ে পড়েন। তবে একজন মুমিনের জীবন এমন হওয়ার কথা নয়। তাঁর বিশ্বাসের ভিত্তি হবে দৃঢ়, চিন্তা-ভাবনা হবে ভারসাম্যপূর্ণ, সিদ্ধান্ত হবে বিবেচনাপ্রসূত এবং আল্লাহর ওপর ভরসা হবে অটুট। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে মুমিন অবিচল থাকে।
জীবনের সর্বক্ষেত্রে অবিচল থাকার উপায়
১. সব সময় আল্লাহকে স্মরণ করা : জীবনের প্রতিটি পরিস্থিতিতে অবিচল থাকার প্রধান শক্তি হলো আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। যে ব্যক্তি বিশ্বাস করেন, আল্লাহই তাঁর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও যাবতীয় বিষয়ের নিয়ন্ত্রক, তিনি বিপদে পড়লেও সম্পূর্ণ অসহায় বোধ করেন না। কারণ তিনি জানেন, মানুষের সাধ্যের বাইরে কোনো বিষয় নয় আল্লাহর অজানা; তাঁর প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে প্রজ্ঞা ও কল্যাণ। আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’ (সুরা : রাদ, আয়াত: ২৮)
আরও পড়ুন: ধর্মমন্ত্রী কুরআন-সুন্নাহর আলোকে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন
২. ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া : জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। ধৈর্য মানে শুধু নীরবে কষ্ট সহ্য করা নয়; বরং বিপদের সময় নিজের ঈমান, নীতি ও দায়িত্বের জায়গায় অটল থাকা। হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া এবং অন্যায় পথে পা না বাড়ানোও ধৈর্যের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৩)
৩. আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা : জীবনে অনেক সময় এমন কিছু ঘটে, যা মানুষ কোনোভাবেই প্রত্যাশা করে না। দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ হয়, প্রিয় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় কিংবা এমন কোনো বিপদ আসে, যার জন্য সে প্রস্তুত ছিল না। এসব পরিস্থিতিতে মানুষ প্রায়ই অতীত নিয়ে আক্ষেপ করে। অথচ হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যা তোমার উপকারে আসে, তা অর্জনে সচেষ্ট হও। আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং কখনো অক্ষমতা প্রকাশ করে বসে থেকো না।’ কোনো বিপদ ঘটলে ‘যদি এমন করতাম, তাহলে এমন হতো’—এ ধরনের আক্ষেপে ডুবে না থেকে বলতে হবে, ‘এটি আল্লাহর তাকদির; তিনি যা চেয়েছেন, তা-ই করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)
৪. সুখে কৃতজ্ঞ ও দুঃখে ধৈর্যশীল হওয়া : মানুষের জীবনে সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং সাফল্য-ব্যর্থতা পাশাপাশি অবস্থান করে। কিন্তু একজন মুমিনের বিশেষত্ব হলো, তিনি কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে যান না। সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করেন। হজরত সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর! তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর।’ এরপর রাসুলুল্লাহ (সা.) ব্যাখ্যা করেন, মুমিন সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর হয়। (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)
৫. লক্ষ্য ও আদর্শের পথে দৃঢ় থাকা : জীবনে অবিচল থাকতে হলে নিজের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। যে ব্যক্তি জানেন, তিনি কেন বেঁচে আছেন, তাঁর জীবনের উদ্দেশ্য কী এবং কোন পথে তাঁকে চলতে হবে, তিনি সাময়িক বাধায় সহজে দিক পরিবর্তন করেন না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা বলে, আমাদের রব আল্লাহ, অতঃপর এর ওপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেয়ো না, দুশ্চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ৩০)
আরও পড়ুন: হাসিমুখে কারো মন ভালো করা কি সদকার অন্তর্ভুক্ত?
৬. হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা রাখা : ব্যর্থতা মানুষের জীবনের একটি স্বাভাবিক অংশ। কেউ একবারেই সফল হন, আবার কাউকে সফলতার জন্য বহুবার চেষ্টা করতে হয়। কিন্তু ব্যর্থতার কারণে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করা কিংবা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া কোনোভাবেই উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)
৭. আবেগ নিয়ন্ত্রণ করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া : মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, রাগের বশে কথা বলা কিংবা আবেগের মুহূর্তে ভুল পদক্ষেপ গ্রহণের কারণে। কোনো ব্যক্তি অপমান করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার চিন্তা না করে ধৈর্য ধারণ করা উচিত। কোনো বিষয়ে ব্যর্থ হলে হতাশ হয়ে সবকিছু ছেড়ে দেওয়ার পরিবর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.) প্রকৃত শক্তিশালী ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, সে ব্যক্তি শক্তিশালী নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪; সহিহ মুসলিম, হাদিস: ২৬০৯)
৮. পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া : মানুষের চিন্তা, মনোভাব ও আচরণে তার চারপাশের মানুষের প্রভাব অনেক বেশি। হতাশাবাদী, নেতিবাচক ও দায়িত্বহীন মানুষের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করলে নিজের মধ্যেও হতাশা ও অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে সৎ, বিচক্ষণ, ধৈর্যশীল ও আল্লাহভীরু মানুষের সাহচর্য মানুষকে ইতিবাচক থাকতে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
আরও পড়ুন: ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি: প্রতিশোধের বদলে মানবিক সম্পর্কের উন্নয়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন