প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে বসে মোবাইল ফোনের মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদা আলম মিতু।
তিনি জানান, গত আট থেকে ১০ দিন ধরে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি, এই হুমকির মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদা আলম মিতু এসব অভিযোগ করেন।
এই এমপি উল্লেখ করেন, দেশে ককটেল হামলা ও নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকে তার ওপর হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রথমে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে গত দুই দিন ধরে সংসদে সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র তাকে বিকৃত ভাষায় হত্যা ও ধর্ষণের হুমকি প্রদান করছে।
এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার জন্য প্রস্তুত নন এই সংসদ সদস্য। তিনি মনে করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও এখন হুমকির সম্মুখীন হচ্ছেন। তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়টিও রয়েছে বলে মত প্রকাশ করেন মাহমুদা মিতু। তার দাবি, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে বলেও জানান তিনি।
তিনি ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারের কাছে জবাব চাইতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
মাহমুদা মিতু আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিজের নিরাপত্তার জন্য থানায় গিয়ে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার কাছে থাকা নথির ভিত্তিতে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন