ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে বিদেশি কূটনীতিকদের মতামত চাওয়া


সাইবার নিরাপত্তা আইন সংশোধনে বিদেশি কূটনীতিকদের মতামত চাওয়া

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইন সংশোধনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশি কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত পরামর্শ সভা শেষে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী আরও বলেন, আইনটি প্রণয়নের পূর্বে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জড়িত থাকার কারণে প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।

আরও পড়ুন: নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার

তিনি উল্লেখ করেন, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) সহযোগিতায় বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। ভবিষ্যতে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে।

আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে বলে জানান আসাদুজ্জামান। তিনি বলেন, অংশীজনদের যদি আরো কোনো সুপারিশ থাকে, তবে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে তা জমা দিতে বলা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি জানান, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন। সেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট করা হয়েছে। আলোচনার জন্য আইনটির খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারেন।

আরও পড়ুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে গুম-হত্যার নৃশংস বর্ণনা

কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কীভাবে আসছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

আইনের ধারাগুলোর সংজ্ঞা আরো স্পষ্ট করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সংজ্ঞাগুলো স্পষ্ট করার এবং দুর্বোধ্যতা দূর করার চেষ্টা করছে।

আইনে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থক শব্দ থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি না।’

আরও পড়ুন: ভুল বিচারে ১৮ বছর কারাবন্দি বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে বসে মিরপুরে অপরাধ চালাচ্ছে ফোর স্টারের নেতারা: এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


বিদেশে বসে মিরপুরে অপরাধ চালাচ্ছে ফোর স্টারের নেতারা: এসআরবি

এসআরবি জানিয়েছে, বিদেশে বসে রাজধানীর মিরপুরে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন ফোর স্টার গ্রুপের নেতারা। সংস্থাটি গত দেড় মাসে গ্রুপটির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসআরবি-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল মো. হাফিজুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি মিরপুরে অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদক। এছাড়াও, গত দেড় মাসে বিভিন্ন অপরাধে জড়িত ফোর স্টার গ্রুপের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি।

তিনি জানান, গ্রুপগুলোর অধিকাংশ লিডার বিদেশে অবস্থান করছেন। সেখান থেকেই তারা মিরপুর এলাকায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা বাহীনির হাতে প্রত্যেকের তালিকা রয়েছে এবং তাদের গ্রেফতার করার কাজ চলছে।

এসআরবির এই কর্মকর্তার দাবি, গ্রেফতার অভিযানের পর থেকে মিরপুর এলাকায় অপরাধ কর্মকাণ্ডের পরিমাণ কমে এসেছে।

মিরপুর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর মাঝে মাঝে সামনে আসে। আইনশৃঙ্খলা বাহীনির তথ্য অনুযায়ী, মিরপুরে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে ৫টি গ্রুপ। এদের মধ্যে চারটি চক্র একত্রে কাজ করে। এসব সন্ত্রাসী চক্র ফোর স্টার গ্রুপ নামে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি

ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ছড়ালেও, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে আতংকিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মো. হাফিজুর রহমান উল্লেখ করেন, "নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতংকিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।"

তিনি আরো বলেন, "কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।"

এসআরবির এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় জড়িত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।"

জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, "আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক এক নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক এক নারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। যৌনপল্লির বাড়িওয়ালী কোহিনূর (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিশোরীকে জোরপূর্বক দেহব্যবসা করানোর। কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মন্ডলের মেয়ে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার রাতে কিশোরী যৌনপল্লি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অভিযোগে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়।

সেখানে উপস্থিত লোকজনের কাছে কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারী গত ১৯ নভেম্বর তাকে যৌনপল্লিতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল। সোমবার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসে সে দোকানটিতে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া কিশোরী আমার দেশকে জানায়, নারী পাচারকারী চক্রের এক নারী তাকে গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার জেলা প্রশাসক স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বরগুনার জেলা প্রশাসক স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন

বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার মানবিকতার চিরন্তন সত্য ‘মানুষ মানুষের জন্য’ ধারণ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়া এক নারীর দুর্দশার খবর পেয়ে বরগুনা জেলা প্রশাসন তাঁর পাশে দাঁড়িয়েছে। আনুষ্ঠানিক দায়িত্ব পালনের বাইরেও একজন বিপন্ন মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক।

দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা সীমা চক্রবর্তী বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের অধিবাসী। সম্প্রতি তিনি স্বামীকে হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন। জীবনের এ কঠিন সময়ে স্বজন হারানোর বেদনার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও জীবনযাপনের সংকট তাঁকে বিপর্যস্ত করে তুলেছে। জেলা প্রশাসকের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে সীমার পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমা চক্রবর্তীর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা, শুকনা খাবার ও একটি কম্বল প্রদান করা হয়। এই সহায়তার ব্যবস্থা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে করা হয়।

একজন স্বামীহারা নারীর দুঃসময়ে প্রশাসনিক প্রতিনিধির এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক প্রশাসনের ইতিবাচক ভূমিকার প্রতিফলন। সমাজের অসচ্ছল, অসহায়, স্বামীহারা, বয়স্ক ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনের সময় সরকারি সহায়তা পৌঁছে দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের প্রকাশও।

জীবনের কঠিন বাস্তবতায় স্বামীকে হারিয়ে একজন নারী যখন আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মুখোমুখি হন, তখন সামান্য সহযোগিতাও তাঁর কাছে বড় আশ্রয় হয়ে উঠতে পারে। নগদ অর্থ, খাবার কিংবা শীত নিবারণের জন্য একটি কম্বল হয়তো সব সংকট দূর করতে পারবে না; তবে এই সহায়তা তাঁকে অন্তত এই বার্তা দেবে যে, দুঃসময়ে তিনি একা নন, প্রশাসন তাঁর পাশে রয়েছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্যও ইতিবাচক বার্তা বহন করে। অসহায় মানুষের দুর্দশা দেখে মুখ ফিরিয়ে না নিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে।

প্রশাসনের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে প্রান্তিক ও অসহায় মানুষের প্রয়োজন চিহ্নিত করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক।

বরগুনা জেলা প্রশাসনের এ উদ্যোগে আবারও স্পষ্ট হয়েছে, প্রশাসন কেবল দাপ্তরিক কার্যক্রম পরিচালনার প্রতিষ্ঠান নয়, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোরও একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ানোর এই পদক্ষেপ মানবিকতা, সহমর্মিতা ও জনকল্যাণের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, মানুষের কল্যাণে ও মানবতার পাশে বরগুনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%