০৩:২৪ পি.এম
ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে সশস্ত্র ব্যক্তিরা উঠে সেটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানায় যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সমন্বিত বিশ্বসময় সকাল ৬টা ৩০ মিনিটে জাহাজটির নাবিকপ্রধান ছিনতাইয়ের বিষয়টি অবহিত করেন। ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি অবস্থান করছিল। এ সময় সশস্ত্র কয়েকজন ব্যক্তি জাহাজে উঠে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
আরও পড়ুন: অ্যাপল-ওপেনএআইয়ের মধ্যে তথ্য চুরির অভিযোগে পাল্টাপালটি মামলা
ঘটনার পর ইউকেএমটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। তারা জানিয়েছে, জাহাজ ছিনতাইয়ের ঘটনা তদন্ত করা হচ্ছে।
এদিকে, ওই সমুদ্রপথে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ইউকেএমটিওর সতর্কবার্তায় ছিনতাইয়ের শিকার জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং কতজন সশস্ত্র ব্যক্তি এতে অংশ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে ১২°৫৫ উত্তর অক্ষাংশ ও ৪৮°০৪ পূর্ব দ্রাঘিমাংশ। এটি ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দূরে অবস্থিত।
আরও পড়ুন: কুনার প্রদেশে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন