০৬:৩৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে সাত দিনের রিমানন্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
আরও পড়ুন: কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু তাকে এখনো থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর তাকে থানায় আনা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং কী কারণে তানভীর এ ধরনের মন্তব্য করেছেন তা জানার জন্য রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে ওই দিন আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ৩১ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। ২০২৫ সালেও তাকে একবার দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছিল। জেলা প্রশাসক নিয়োগ-বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগে প্রথম দফায় অব্যাহতি দেওয়ার পর পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল দলটির পক্ষ থেকে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন