প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত এখন ‘শীতের কম্বল নিন, বিদেশি কম্বল’- এর বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। শীতের আবহাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে নানা রং, আকার ও পুরুত্বের কম্বল ও লেপের দোকানগুলো বসেছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাশ্রয়ী দামে শীতবস্ত্র কিনতে এসব দোকানে ভিড় করছেন। কম্বল ও লেপের দাম মান, আকার ও পুরুত্বভেদে ২০০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পুরোনো কম্বল ছাড়াও নতুন কম্বল, কমফোর্টার এবং বিভিন্ন ধরনের শীতের পোশাকও বিক্রি হচ্ছে এসব বাজারে। ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী দরদাম করে প্রয়োজনীয় শীতবস্ত্র কিনছেন।
নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এলাকা, নিউমার্কেট মোড়, সিনেমা প্যালেস, লালদীঘি, জিইসি, বন্দরটিলা, স্টিল মিল ও আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে ফুটপাতের এসব অস্থায়ী বাজার জমে উঠেছে।
ব্যবসায়ী আবদুল করিম বাসস’কে জানান, বিদেশ থেকে বেল আকারে আমদানি করা পুরোনো কম্বলের চাহিদা বরাবরই বেশি। ক্রেতারা দোকানে এসে দরদাম করে এসব কম্বল কেনেন। তুলনামূলক কম দামে ভালো মানের কম্বল পাওয়া যায় বলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এসব বাজার বেশ জনপ্রিয়।
তিনি আরও জানান, কম্বলের পাশাপাশি সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কোট, শিশুদের কার্ডিগান, ফুলহাতা টি-শার্ট ও মোজাসহ বিভিন্ন ধরনের শীতের পোশাক বিক্রি হচ্ছে। শীতের তীব্রতা এখনও পুরোপুরি অনুভূত না হলেও গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন মানুষের মধ্যে শীতবস্ত্র কেনার আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনের ফুটপাতে কম্বল বিক্রেতা নুরুল ইসলাম বাসসকে বলেন, তারা খাতুনগঞ্জ থেকে বেল আকারে কম্বল সংগ্রহ করে খুচরা বিক্রি করেন। এসব কম্বলের মধ্যে বড় আকারের ও উন্নত মানের কম্বলও রয়েছে। কম্বল ও কমফোর্টারের দাম ২০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত। শীতের তীব্রতা বাড়লে বিক্রি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্টেশন রোড এলাকার বিক্রেতা জহির আহমেদ বলেন, শীত মৌসুমে তারা নতুন ও পুরোনো—দুই ধরনের কম্বলই বিক্রি করেন। তবে বিদেশি কম্বলের চাহিদা তুলনামূলক বেশি। একই সঙ্গে দেশেও এখন উন্নত মানের কম্বল ও কমফোর্টার তৈরি হচ্ছে। শীতকালে অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সাধারণত দেশীয়ভাবে তৈরি কম্বলই সরবরাহ করা হয়।
চট্টগ্রামের খুচরা শীতবস্ত্রের বাজারের বড় অংশের সরবরাহ আসে খাতুনগঞ্জ, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও মহল মার্কেটের মতো পাইকারি বাজার থেকে। এসব বাজারে বিদেশ থেকে আমদানি করা পুরোনো শীতবস্ত্র বেল আকারে বিক্রি হয়। চলতি মৌসুমে বিদেশি সেকেন্ডহ্যান্ড কম্বলের প্রতি বেলের দাম ১২ হাজার থেকে ২৮ হাজার টাকা। প্রতি বেলে থাকে ২৮ থেকে ৩০টি কম্বল।
রাঙ্গুনিয়া থেকে কম্বল কিনতে আসা বোরহান উদ্দিন বলেন, বাড়িতে কাঁথা থাকলেও পাহাড়ি এলাকার শীত নিবারণে তা যথেষ্ট নয়। তাই কম দামে ভালো কম্বল কিনতে ফুটপাতের বাজারে এসেছেন। এখানে তুলনামূলক কম দামে ভালো মানের কম্বল পাওয়া যায়। তবে ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, কম্বলের পাশাপাশি শিশুদের শীতের পোশাকেরও বেশ চাহিদা রয়েছে। শিশুদের গেঞ্জি, সোয়েটার, টুপি, জ্যাকেট, মোজা ও হাতমোজা বিক্রি হচ্ছে। অন্যদিকে, তরুণদের মধ্যে ফুলহাতা টি-শার্ট, জ্যাকেট, ব্লেজার ও সোয়েটার কেনার আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কম্বল ও অন্যান্য শীতবস্ত্রের চাহিদাও বাড়বে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামের এসব ফুটপাতের বাজার শীত নিবারণের অন্যতম ভরসা হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন