প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ৬০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র করে। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ না করে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মাঠে উপস্থিত দর্শকেরা। গ্যালারি থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেন অনেকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। একইদিন সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়। টাইব্রেকারে জয় পেয়ে তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাশের খেলার মাঠটির একটি অংশে আমি একটি ফুটসাল গ্রাউন্ড করে দিতে চাই এবং অপরটি করে দেবেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সব মিলিয়ে এখানে মোট দুটি ফুটসাল গ্রাউন্ড নির্মিত হবে।’
তিনি খেলোয়াড়দের উদ্দেশে আরো বলেন, ‘খেলার নিয়ম অনুযায়ী জয়-পরাজয় থাকে, কিন্তু আজকের ম্যাচে দুই দলই যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমি উভয় দলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এখানে আসার আগে আমি চিন্তা করছিলাম যে প্রতিমন্ত্রীর কাছে কী চাইব। কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ থেকে যেহেতু আমাকে বলেছেন, আপনি কী চান, তাই আমার আর কিছু চাওয়ার নেই। আমার প্রত্যাশা, তিনি এই বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের কাজ করে দেবেন। এই বিশ্ববিদ্যালয়ে শুধু দিনে নয়, বরং রাতেও খেলা হবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফুটসাল খেলতে অনেক দূরে যায়। তাই এই ক্যাম্পাসের ভেতরেই যাতে আমাদের ছেলেরা খেলতে পারে, সেই ব্যবস্থা প্রতিমন্ত্রী করে দেবেন বলে আমি আশা রাখছি। এই চমৎকার আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
এদিকে ফাইনালের ফল নির্ধারণে টাইব্রেকার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন দর্শকেরা। এক দর্শক বলেন, ‘আমার মনে হয়, ম্যাচের ফলাফল হওয়া উচিত ছিল। গোল হয়নি, টাইব্রেকার হতো। কিন্তু যৌথ চ্যাম্পিয়ন করা হলো। এমন হলে খেলার কী দরকার ছিল? আগে বলে দিলেই হতো যে যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে।’
আরেক দর্শক বলেন, ‘আমরা খেলা দেখে খুবই হতাশ। এখন মনে হচ্ছে, পুরো খেলার আয়োজন করা হয়েছে প্রতিমন্ত্রীর জন্য। দর্শকদের অনুভূতি নিয়ে খেলা করা ছাড়া আর কিছুই নয়। কোনো দর্শকের কাছেই আজকের খেলা মনঃপূত হয়নি।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন