০১:২৭ পি.এম
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাসও পেরোতে না পেরে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল।
নাবাতিয়েহ এলাকায় ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। বৈরুত বলছে, অব্যাহত ইসরাইলি হামলার কারণে যুদ্ধবিরতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সীমান্তজুড়ে ধ্বংসস্তূপ আর নিরাপত্তাহীনতার কারণে লাখো বাস্তুচ্যুত মানুষ এখনো ঘরে ফিরতে পারছেন না।
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলার মাধ্যমে কয়েকজনকে হত্যা করেছে ইসরাইল।
আরও পড়ুন: কাপ্তাইয়ে ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে সেনাবাহিনী, চাঁদা দাবির অভিযোগে তৎপর কাপ্তাই জোন
নিহতদের মধ্যে রয়েছে একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মা, এক গৃহকর্মী ও সিরিয়ার এক নাগরিক।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, তারা যখন নিজেদের বাড়ির পরিস্থিতি দেখতে যান, তখনই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের কাছে তাদের বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা সন্দেহভাজনদের লক্ষ্য করে এ হামলা হয়েছে।
শুধু নাবাতিয়েহ নয়, একই দিনে ইসরাইল বিমান হামলা চালিয়েছে বিনতে জুবেইল জেলার কৌনিন ও বারাআশিত এলাকাতেও। বারাআশিতে বেসামরিক নিহতদের জানাজার পরপরই নতুন করে হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অভিযোগ তুলেছে, কৌনিনে আবাসিক বাড়িঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষ যাতে ফিরতে না পারে, সেই কৌশলের অংশ হিসেবেই ধারাবাহিকভাবে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।
আরও পড়ুন: ইরানের হামলায় হরমুজে ২ ট্যাংকার অচল
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন্স বলেছেন, দক্ষিণাঞ্চলে ইসরাইলের দখল ও অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
চুক্তি অনুযায়ী ইসরাইলের সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু বাস্তবে কোনো পক্ষই পুরোপুরি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই সীমান্ত পরিস্থিতি এখনো অস্থির রয়ে গেছে।
চলমান সংঘাতের কারণে দক্ষিণ লেবাননে সরকারি জরিপে দেখা গেছে, ৯০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রায় ছয় লাখ মানুষ এখনো নিজ এলাকায় ফিরতে পারেননি। যারা ফিরেছেন, তারাও প্রতিদিন বিস্ফোরণের শব্দ আর নতুন হামলার আশঙ্কায় বসবাস করছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৯ জনে, আর আহত হয়েছেন ১২ হাজার ২০৩ জনেরও বেশি।
আরও পড়ুন: সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন