প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির রাজাপুরে আজ ২৩ নভেম্বর পালিত হচ্ছে পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনটি বরিশাল অঞ্চলের প্রথম থানার মুক্তির দিন হিসেবে চিহ্নিত হয়। মুক্তিযোদ্ধাদের দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করলে রাজাপুরের আকাশে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ নভেম্বরের পর রাজাপুরে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয় দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী সাধারণ মানুষকে ধরে এনে বধ্যভূমিসংলগ্ন থানার ঘাটে বেঁধে গুলি করে হত্যা করত। পরে মরদেহগুলো খালে ফেলে দেওয়া হতো। সেই সময় কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেয়া হয়েছিল হানাদার বাহিনীর দ্বারা।
২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানায় আক্রমণের পরিকল্পনা করেন। তৎকালীন থানা কমান্ডার মো. কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা চারদিক থেকে থানাকে ঘিরে আক্রমণ শুরু করেন। এই আক্রমণের ফলে তুমুল সম্মুখযুদ্ধ শুরু হয়। পরদিন সকাল পর্যন্ত চলা এই লড়াইয়ে ৯ নম্বর সেক্টরের বরিশাল সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমর মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। প্রায় পাঁচ ঘণ্টার যুদ্ধ শেষে পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে এবং রাজাপুর মুক্ত হয়।
এই যুদ্ধে আব্দুর রাজ্জাক ও মো. হোছন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ১০ জন মুক্তিযোদ্ধা আহত হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতার পর ক্যাপ্টেন শাহজাহান ওমরকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাবসেক্টরের অধীনে। কানুদাসকাঠিতে সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি গড়ে তোলা হয়েছিল।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ-আলম নান্নু জানান, ২২ নভেম্বর রাত ৪টার দিকে মুক্তিযোদ্ধারা একযোগে চারদিক থেকে রাজাপুর থানায় আক্রমণ করেন। প্রায় পাঁচ ঘণ্টার যুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে। এই যুদ্ধে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা অংশ নেন। দুই মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ১০ জন আহত হন। ওই দিন রাজাপুরের আকাশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে।
পাক হানাদার বাহিনীর হাতে থানার ঘাটে নিহতদের স্মরণে সেখানে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। প্রতি বছর ২৩ নভেম্বর রাজাপুরে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস স্মরণ করা হয়। দিবসটি পালন করে রাজাপুর প্রেসক্লাব। এ বছরও প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধের গৌরব, বীরত্ব আর আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ২৩ নভেম্বর রাজাপুরের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন