০৯:৪৬ পি.এম
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে (৪০) কুপিয়ে হত্যার দায়ে দুলাভাই মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের মৃত আলী আহম্মদ সরদারের পুত্র। নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাশারের ছেলে।
আরও পড়ুন: পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টের জন্য সাংবাদিক আটক
মামলার বিবরণ অনুযায়ী, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের কারণে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের কারণে শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত।
২০২২ সালের ২০ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু ঘটে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরে শাহাদাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ওই বছরের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক এই রায় প্রদান করেন।
আরও পড়ুন: ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ
মামলার বাদী আরমান হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।’ আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন