০১:৪৪ পি.এম
মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন। পরে তারা মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই সময় তারা সড়কে বাঁশ, চেয়ার ও বেঞ্চ ফেলে দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অনেক যানবাহন আটকা পড়ে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর ১২টায় তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
বিক্ষোভের সময় বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, আজহারুল ইসলাম, ফয়সাল বাদশা, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শীর্ষেন্দু বিশ্বাস রোহান এবং কে এম সাজিদ।
আরও পড়ুন: ফুলছড়ির রতনপুর রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
তাদের বক্তব্য অনুযায়ী, প্রথমে ২০২৪ সালের ২৪ জুন এবং পরে দ্বিতীয় দফায় ২০২৫ সালের অক্টোবরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালে এসেও বিভিন্ন অজুহাতে হাসপাতাল চালু করা হচ্ছে না। তাদের দাবি, কর্তৃপক্ষের উদ্যোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ তিন মাসের মধ্যে চালু করতে পারলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এত বছরেও কেন চালু করা যাচ্ছে না, সেটির উত্তর দিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, তারা বারবার আশ্বাস পেলেও বাস্তব অগ্রগতি হয়নি, যাহা তাদের হতাশ করেছে। তাই তারা সরকারের কাছ থেকে হাসপাতাল চালুর বিষয়ে একটি লিখিত রোডম্যাপ চান। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন।
উল্লেখ্য, হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবির বাস্তবায়ন আদায়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
আরও পড়ুন: হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন