০৭:১৬ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন তিনি করেন। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, "পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা যদি সবুজায়ন, অক্সিজেন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।"
আরও পড়ুন: বালু নদের সেতুর নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন