০৯:২৪ এম
সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ গ্রহণ করে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করতে চায় সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে একটি রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কার্যালয়ের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন কাজে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি এই গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে তিনটি ব্লকে সারিবদ্ধভাবে ২৪০টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
সূর্যের আলো কাজে লাগিয়ে এসব প্যানেল থেকে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই বিদ্যুৎ জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমছে এবং সরকারের বিদ্যুৎ ব্যয়ও সাশ্রয় হচ্ছে।
আরও পড়ুন: হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় কৃষক ও দলিল লেখক নিহত
এছাড়া, ছুটির দিনে সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরতা কমেছে এবং বিদ্যুৎ বিলও হ্রাস পেয়েছে।
জেলা প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে রুফটপ সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেসকোর কাছে বিক্রি করা হচ্ছে। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এক মাসের মধ্যে বিল সাশ্রয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, রুফটপ সোলার প্যানেল স্থাপনের পর থেকে কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে। জেলার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অন্যান্য সরকারি ভবনের ছাদেও এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে জেলার সাতটি পৌরসভায় রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য প্রতিটি পৌরসভায় ৩০ লাখ টাকা এবং উপজেলাগুলোতে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে জেলার বাড়তি বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি বরাদ্দের ৭১ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন