০৮:০৮ পি.এম
ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং ও তদারকির জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি) এর কাছে ১৪টি নির্দেশনা পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের উপসচিব সাদেক রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে সম্প্রতি এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: বেবিচক: এয়ারলাইন্সগুলোকে কেবিন সেবা উন্নত ও বিমানভাড়া পুনর্বিবেচনার নির্দেশ
এসব উদ্যোগের কার্যকারিতা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা প্রয়োজন।
সেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং সরকারি নির্দেশনার বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনায় জেলা প্রশাসকদের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নকশা ও রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবাকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করা, অনলাইন ভূমিসেবা, ই-নামজারি ও ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনার কার্যকারিতা পর্যালোচনা করা, দালাল ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, অভিযোগের দ্রুত তদন্ত করা এবং সেবার ফি, প্রক্রিয়া ও সময়সীমা দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত
চিঠিতে আরও বলা হয়েছে, ‘ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ কার্যকরভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে।
এছাড়া অফিসের পরিচ্ছন্নতা, নথি সংরক্ষণ, নাগরিক সনদ, তথ্য বোর্ড ও সেবার মানদণ্ড হালনাগাদ রাখা, আইটি সরঞ্জামের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ভূমি আইন, বিধি ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে হবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’-এর সংখ্যা বৃদ্ধি ও কার্যক্রম তদারকি, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, সংশ্লিষ্ট কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকদের মনিটরিং কার্যক্রমের সারসংক্ষেপ, অগ্রগতি এবং গৃহীত ব্যবস্থা উল্লেখ করে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
ভূমি মন্ত্রণালয় জানায়, নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবার গুণগত মানকে আরও উন্নত করার এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী ভূমি প্রশাসন গড়ে তোলাই এই নির্দেশনার মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন