১০:৩৫ পি.এম
রয়টার্স, বিবিসি, আলজাজিরা, ব্লুমবার্গ, সাউথ চায়না মর্নিং পোস্ট, মানিকন্ট্রোল এবং ডব্লিউআইওএন-এর মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত আলোকপাত করেছে।
প্রতিবেদনগুলোতে মূলত স্থান পেয়েছে—মেয়াদ পূর্তির আগেই তার সরে দাঁড়ানোর খবর, শারীরিক অসুস্থতার তথ্য এবং ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায়, মো. সাহাবুদ্দিন নিজের অটোনমিক নিউরোপ্যাথিরোগ ধরা পড়েছে বলে জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন, ওই রোগে আক্রান্ত থাকার কারণে তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছেন।
আরও পড়ুন: নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান সম্পন্ন
বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বলেও জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে স্বাস্থ্যগত কারণে ৭৬ বছর বয়সী বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। সংস্থা স্মরণ করিয়ে দেয় যে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তী প্রশাসন হয়ে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশে রাষ্ট্রপতির পদটি মূলত অলঙ্কারিক এবং নির্বাহী ক্ষমতার মূল চালিকাশক্তি হলেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা।
বিবিসি, ‘শেখ হাসিনা সহযোগী বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করার পর থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরানোর চাপ তৈরি হয়। বিবিসি বাংলার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্ষমতার মসনদে থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে তাঁকে পদ ছাড়তে জোরালো চাপ দেওয়া হচ্ছিল। শারীরিক জটিলতা দেখানো হলেও এর নেপথ্যে মূল ভূমিকা রেখেছে রাজনৈতিক পরিস্থিতি। উল্লেখ্য, ২০২৪ সালের গণ-আন্দোলনে প্রায় ১৪০০ প্রাণহানির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা ঘোষণা করেন, যা রাষ্ট্রপতির পদকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
সাউথ চায়না মর্নিং পোস্ট শিরোনাম করেছে, নির্বাসন থেকে ফেরার আগে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ, কোণঠাসা হাসিনা। বঙ্গভবনের প্রেস সচিব সারওয়ার আলমের বক্তব্য তুলে ধরে জানায়, মূলত শারীরিক অসুস্থতা ও বিশ্রামের প্রয়োজনীয়তা থেকেই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়েছে। তবে তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করে, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আলোচনা শুরু হওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরে দাঁড়াতে বলা হয়েছিল। ফলে সাবেক প্রধানমন্ত্রী তাঁর সর্বশেষ উচ্চপর্যায়ের সাংবিধানিক বিশ্বস্ততাকেও হারালেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে: রিজভী
ভারতীয় গণমাধ্যম মানিকন্ট্রোল তাদের বিশ্লেষণে প্রশ্ন তোলে—শেখ হাসিনার সাথে একটি ফোনালাপ কি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের রাজনীতির ইতি টেনে দিল? তাদের মতে, শেখ হাসিনার সাথে গোপন যোগাযোগ এবং সাম্প্রতিক কথোপকথন প্রকাশ আবিষ্কারের কারণে তাঁর পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে কঠোর আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রদর্শনের বার্তা দিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
ব্লুমবার্গ এবং ডব্লিউআইওএন তুলে ধরে যে, ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির এই অসময়ে বিদায় বাংলাদেশে রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। ২০২৪ সালের অভ্যুথান-পরবর্তী সময়ে তিনি ছিলেন পূর্ববর্তী শাসনব্যবস্থার সাংবিধানিক ধারাবাহিকতার সর্বশেষ ধারক।
সংবাদমাধ্যমগুলো বাংলাদেশে সংবিধানের নিয়ম উল্লেখ করে জানায়, স্পিকারের কাছে লিখিত পত্র জমা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়। থাইল্যান্ডে চিকিৎসা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফিরলে তার কাছে পদত্যাগপত্রটি জমা দেওয়া হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী, পদটি খালি হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান বেছে নিতে হবে। বর্তমানে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত ব্যক্তিই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।
আরও পড়ুন: দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন