ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি


পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত নয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজারেরও বেশি হয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। বর্তমানে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। ফলে চলতি বছরের মধ্যে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯১ জনে। এর মধ্যে ৩ হাজার ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জন। এর মধ্যে পিরোজপুর জেলা হাসপাতালে ৬৮ জন, নাজিরপুরে ৩১ জন, নেছারাবাদে ২৮ জন, ভান্ডারিয়ায় ৩১ জন, কাউখালীতে ১০ জন, মঠবাড়িয়ায় ২ জন এবং জিয়ানগরে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, জেলায় এবছর একজন নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

পিরোজপুর জেলা হাসপাতালের ১০০ শয্যার মধ্যে প্রায় ২৫০ এর বেশি রোগী ভর্তি থাকায় সীমিত জায়গার কারণে রোগীদের গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। তবে জেলা হাসপাতালের নতুন ভবনে ডেঙ্গু ওয়ার্ড চালু হওয়ায় রোগী ও তাদের স্বজনরা খুশি।

আরও পড়ুন: পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান মন্তব্য করেন, "ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্ণার স্থাপন করা হয়েছে।" তিনি আরও জানান, "ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহ করা হয়েছে। সাধারণ মানুষ সচেতন হলে খুব শীঘ্রই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণে জাতীয়করণ এখন সময়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণে জাতীয়করণ এখন সময়ের দাবি
 
শিক্ষা একটি জাতির উন্নয়নের বাহক। আর শিক্ষক হলো আদর্শ ও উন্নত জাতি গড়ার কারিগর।  দেশের শিক্ষারমান উন্নয়নে শিক্ষকের জীবনমান উন্নয়ন খুবই  জরুরি। একটি ফলগাছ লাগানো হলেও গাছটি না বাঁচলে যেমন ফল আশা করা যায় না, তেমনি শিক্ষকদের জীবনমান উন্নয়ন না করলে শিক্ষার মানোন্নয়ন আশা করা যায় না। একটি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো  শিক্ষা।  
কিন্তু, সেই  শিক্ষকগণকে তাদের জীবনমান উন্নয়নের দাবি নিয়ে বছরের পর বছর আন্দোলন করতে হয় রাজপথে। এমনও আছে মহান পেশায় নিয়োজিত এই শিক্ষকগণ তাদের জীবনমান উন্নয়নের দাবিতে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে রক্তাক্ত হয়েছে রাজপথে। এমন কি লাশ হয়েও বাড়ি ফিরেছেন! একটা সভ্য ও গণতান্ত্রিক দেশের জন্য এটা লজ্জার!

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর এখনো  জাতি গড়ার কারিগর, মহান পেশায় নিয়োজিত জাতির এই  সেবকদের চোখে-মুখে শুধুই হতাশার ছাপ। শিক্ষক সমাজ ও বিভিন্ন সংগঠনের দাবি, এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শতভাগ মাধ্যমিক ও সমমনা এবং উচ্চ মাধ্যমিক ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ প্রয়োজন।

বিজ্ঞজনরা বলেন, শিক্ষকদের সমাজ গঠনের কাজে পূর্ণ মনোযোগ দিতে হলে তাদের জীবনযাত্রার মান ও নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। শিক্ষক শব্দটির মধ্যে কোনো বৈষম্য না থাকলেও  সরকারি শিক্ষক ও বেসরকারি শিক্ষক শব্দের বিশাল বৈষম্য রয়েছে। পুকুর আর সাগরের মধ্যে যেমন পার্থক্য বিদ্যমান।  

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল একটি অংশই পরিচালিত হচ্ছে বেসরকারি ভাবে। ক্ষুদ্রতম একটি অংশ পরিচালিত হচ্ছে সরকারি ভাবে।  বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ২১ হাজার ৪৬৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০ হাজার ৭৬৭ টি বেসরকারি। যা মোট শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯৬ দশমিক ৭ শতাংশ। বাকিগুলোর মধ্যে ৬৯৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো জেলা বা উপজেলা শহর এলাকাতে অবস্থিত। এখানে শুধু শহরের শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পায়।

পক্ষান্তরে গ্রামাঞ্চলে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় সেখানে সাধারণত গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে। সরকারি স্কুলগুলোতে শিক্ষক-কর্মচারীসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়া হয়। কিন্তু, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একবুক কষ্ট আর হতাশা নিয়ে স্কুল দৈনিক পাঠদান দেন। আর অবকাঠামো উন্নয়নের চেষ্টায় প্রধান শিক্ষকের দিক-বিদিক ছোটাছুটি করতে হয়।

সরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ মাস শেষে একটি ভালো মানের বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান আর তাদের ভবিষ্যত (পেনশন) নিশ্চিত করা থাকে। বেসরকারি বিদ্যালয়ের (এমপিও ভুক্ত) শিক্ষকগণ মাস শেষে সরকারি অংশের বেতন ও ভাতা পান, যা সরকারি স্কুলের তুলনায় খুবই কম। বেসরকারি শিক্ষকদের পেনশনও সীমিত হয়। আর নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কোনো সুযোগ সুবিধাই পান না। তাঁরা মানবেতর জীবনযাপন করেন।  তাদের পরিশ্রম সমান, সকল নিয়ম-কানুন সমান, তবে কেন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় এতো বৈষম্য?  

ফিনল্যান্ড, জাপান বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সেখানে মেধা তালিকার শীর্ষে থাকা তরুণরাই শিক্ষকতায় আসেন। কারণ সেখানে শিক্ষকদের জীবনমান এবং রাষ্ট্রীয় সুবিধা সর্বোচ্চ পর্যায়ের। আমরা যদি বিশ্বমানের সুনাগরিক তৈরি করতে চাই, তবে আমাদের শিক্ষকদের জীবনমানকেও বিশ্বমানে উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সময় এসেছে।

সরকারি স্কুলগুলোর বেশির ভাগই শহরে অবস্থিত হওয়ায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আরো বেশি চ্যালেঞ্জিং ও ব্যয়বহুল হয়ে উঠছে। যা শিক্ষায় বৈষম্য তৈরি করছে। তাই সকল মাধ্যমিক ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নীতিমালার মধ্যে এনে সকল শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান করে বেতন-ভাতায় সমতা আনা প্রয়োজন।

আমেরিকান শিক্ষাবিদ ইউজিন পি বার্টিন বলেছেন, শিক্ষকরা যেখানে আগামী প্রজন্মের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ বা জ্ঞান জমা করছেন, সেখানে তাদের নিজেদের জীবন যেন চরম আর্থিক অনটনে না কাটে, তা নিশ্চিত করা সমাজেরই দায়িত্ব।

তাই শিক্ষার মানোন্নয়ন করতে চাইলে সরকারকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বেসরকারি এমপিওভুক্ত, নন-এমপিওভুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। মেধাবী-দক্ষ শিক্ষক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের যোগ্যতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ধাপে ধাপে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা  যেতে পারে।

যে কোনো রাষ্ট্রে শিক্ষার মানোন্নয়ন করতে হলে সর্ব প্রথম শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে। শিক্ষকগণের জীবনমান উন্নয়ন, তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই তারা তাদের মেধা ও মনন সঠিক ভাবে শ্রেণিকক্ষে প্রয়োগ করতে পারবেন। যার ফলে অচিরেই দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সম্ভব হবে। উন্নত রাষ্ট্র বিনির্মাণে শিক্ষায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে  হবে। #

মোঃ উজির আলী, প্রধান শিক্ষক
নড়াইল কালেক্টরেট স্কুল, নড়াইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

সাতক্ষীরার তালা উপজেলার গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে পুলিশ স্থানীয়দের বাধার সম্মুখীন হয়। এক পর্যায়ে, অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করার পর, পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।

পরে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে একাধিক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

এর জেরে গত শনিবার (৩ অক্টোবর) রাতে হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে সোহেল শেখের ওপর হামলা হয়। বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস এবং হযরত সরদারসহ কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর করে আহত করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন সোহেল। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে সোহেল শেখ তালা থানায় লিখিত অভিযোগের পাশাপাশি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ এবং জিডির ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযুক্তদের গ্রেফতারে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে, আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, এ সময় মাদক কারবারিদের পক্ষে নেতৃত্ব দেন নূর ইসলাম বিশ্বাস নুরু। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস এবং রাশেদ খাঁকে আটক করা হয়।

ওসি বলেন, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা অভিযোগ এবং জিডির ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশের কাজে বাধা দিয়ে একটি দল সংঘবদ্ধভাবে পুলিশের ওপর চড়াও হয় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ, জলবায়ু ও অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের বড় চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


যুদ্ধ, জলবায়ু ও অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের বড় চ্যালেঞ্জ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সংস্থাটি যে শক্তিগুলোর নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত হয়েছিল, ৮১ বছর বয়সী সেই প্রতিষ্ঠান এখন ক্রমবর্ধমান জটিল বিশ্বে বিভিন্ন সংকটের মোকাবিলায় নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

জাতিসংঘের পরবর্তী মহাসচিবের সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সে বিষয়ে সোমবার (৫ অক্টোবর) এপি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এক সময় জাতিসংঘ বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু বর্তমানে ইরান, ইউক্রেন এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সংস্থাটির ভূমিকা অনেকটাই পিছিয়ে পড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা কয়েক শ কোটি ডলারসহ আর্থিক সংকটের কারণে জাতিসংঘকে মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করতে বাধ্য হতে হয়েছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের বক্তব্যে পরবর্তী মহাসচিবের সামনে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে।

বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদে দেওয়া বিদায়ী ভাষণে উল্লেখ করেন, "বিশ্বের এখন দুর্বল জাতিসংঘের প্রয়োজন নেই।" তিনি বলেন, "এমন একটি জাতিসংঘ প্রয়োজন, যা বর্তমান বিশ্বের বাস্তবতার মোকাবিলা করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং ভবিষ্যৎ বিশ্বকে আরও ভালোভাবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।"

গুতেরেস ১০ বছর জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার পর বলেন, সবার জন্য কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলাই সংস্থাটির সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, "মানবতা ক্ষমতাকে কতটা বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করতে পারে, তার ওপরই যৌথ ভবিষ্যৎ নির্ভর করবে।"

গুতেরেস জাতিসংঘের পরবর্তী নেতৃত্ব এবং বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্থাপন করেন। তিনি জানতে চান, "আইনের শাসনকে দায়মুক্তির স্বাভাবিক হয়ে যাওয়ার আগেই রক্ষা করা যাবে কি না, প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করা যাবে কি না, সমাজ ভেঙে পড়ার আগে বৈষম্য কমানো যাবে কি না।"

এছাড়া তিনি জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক সীমা অতিক্রমের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তা পরিচালনার ব্যবস্থা করার আহ্বান জানান।

২১ শতকের উপযোগী করতে হবে জাতিসংঘকে

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তবে তার প্রধান দায়িত্ব হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী কাঠামোর পরিবর্তে ২১ শতকের বাস্তবতা অনুযায়ী জাতিসংঘকে নতুনভাবে সাজানো।

উন্মুক্ত সমাজ ইনস্টিটিউটের প্রচার বিভাগের পরিচালক কিজিতো বিয়েঙ্কিয়া বলেন, "কয়েক দশকের মধ্যে জাতিসংঘের সামনে সবচেয়ে বড় দায়িত্ব অপেক্ষা করছে নতুন মহাসচিবের জন্য।" তিনি মনে করেন, জাতিসংঘ দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আর্থিক সংকটের কারণে বাজেট কমানো, বিভিন্ন কর্মসূচি ও সংস্থাকে একীভূত করা এবং শত শত পুরোনো নির্দেশনা বাতিলের চেষ্টা চলছে।

তবে একই সঙ্গে নতুন মহাসচিবের ওপর বিশ্বজুড়ে সংঘাত নিরসনে আরও সক্রিয় হওয়ার চাপও থাকবে বলে তিনি জানান। বিয়েঙ্কিয়া প্রয়াত মহাসচিব কফি আনানের উদাহরণ দিয়ে উল্লেখ করেন, তিনি বিভিন্ন সংঘাতে সরাসরি যুক্ত হয়েছিলেন এবং দক্ষ মধ্যস্থতাকারী ও আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

গাজা, সুদান এবং ইউক্রেনসহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন তোলেন, "এসব সংকটে জাতিসংঘের ভূমিকা কোথায়?" তার মতে, কফি আনানের সময় জাতিসংঘ সংঘাত নিরসনের কেন্দ্রীয় ভূমিকায় ছিল।

সংস্কারের কথা সহজ, বাস্তবায়ন কঠিন

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে একের পর এক বিশ্বনেতা সংস্থাটির সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন। কিন্তু বাস্তবে সংস্কারের উদ্যোগ নিতে গেলে বিভিন্ন দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দেয়।

বিশেষ করে জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে। জাতিসংঘের সব সদস্য দেশই চান নিরাপত্তা পরিষদে বর্তমান বিশ্বের বাস্তব প্রতিফলন থাকুক। কিন্তু পরিষদে নতুন সদস্য যুক্ত করার পদ্ধতি নিয়ে দেশগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ রয়েছে।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স—ভেটো ক্ষমতা ধরে রেখেছে। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের প্রভাব সবচেয়ে বেশি। অন্যদিকে প্রায় দেড়শ কোটি মানুষের মহাদেশ আফ্রিকার কোনো স্থায়ী আসন নেই। লাতিন আমেরিকারও কোনো স্থায়ী আসন নেই। জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের হুমকিতে থাকা দ্বীপরাষ্ট্রগুলোরও নেই স্থায়ী প্রতিনিধিত্ব।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা গত সপ্তাহে বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, "নিরাপত্তা পরিষদের সংস্কার আফ্রিকার প্রতি কোনো দয়া নয়; বরং জাতিসংঘের বৈধতা, বিশ্বাসযোগ্যতা ও টিকে থাকার জন্য এটি অপরিহার্য।"

নতুন মহাসচিবের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা বলেন, "বিশ্ব এখন তীব্র বিভক্তি, বাড়তে থাকা বৈষম্য এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি কমে যাওয়া আস্থার মধ্য দিয়ে যাচ্ছে।" তিনি বিশ্বব্যবস্থার বিপজ্জনক ভাঙন ঠেকানোর আহ্বান জানিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ার বিষয়েও সতর্ক করেন।

তিনি জাতিসংঘ সনদের কথা স্মরণ করিয়ে দেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিংশ শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতেই জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল।" তাই "শক্তিই ন্যায়"—এমন ধারণার পরিবর্তে জাতিসংঘ সনদের মূলনীতি প্রতিষ্ঠিত হওয়া উচিত।

সূত্র: এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


গ্রেফতার হতে যাচ্ছেন অভিজিৎসহ শীর্ষ ককরোচ নেতারা?

ভারতের তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের গ্রেফতারের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র সৌরভ দাস।

আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির আগে এই গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তার দাবি, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, রত্না সিংসহ তাকেও গ্রেফতার করা হতে পারে।

রোববার (৪ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সৌরভ দাস বলেন, "সরকার যদি মনে করে গ্রেফতার করে প্রতিবাদ দমন করা যাবে, তবে তারা ভুল করছে। তরুণ প্রজন্ম জেগে উঠেছে।" নেতাদের গ্রেফতার করা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সৌরভের বক্তব্য, তারা জেল কিংবা আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। তবে নেতৃত্বকে গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না। ১০ অক্টোবর থেকে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে প্রশ্ন তুলেছেন, "কতজনকে গ্রেফতার করা হবে?" তার দাবি, ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দিল্লিতে আসবেন। তবে সরকার সত্যিই দলটির নেতাদের গ্রেফতারের পরিকল্পনা করেছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি ককরোচ জনতা পার্টির নেতাদের অভিযোগ হিসেবেই সামনে এসেছে।

ভোটার তালিকা ঘিরে ক্ষোভ ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।

দলটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু যোগ্য ভোটারের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি তুলেছে তারা।

গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে দলটির প্রতিবাদ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পুলিশ অনুমতি না দিলেও সেখানে জমায়েত হয়। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং সংগীতশিল্পী বিশাল দাদলানির মতো পরিচিত মুখের উপস্থিতি আন্দোলনটির প্রতি বাড়তি দৃষ্টি আকর্ষণ করে।

শিক্ষার্থী সংগঠনের কর্মীরাও কর্মসূচিতে যোগ দেন। এরপর দিল্লির যন্তর মন্তরে ১০ অক্টোবর বড় জমায়েতের ডাক দিয়েছে দলটি। তাদের লক্ষ্য, ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভকে দেশব্যাপী প্রতিবাদে রূপ দেওয়া।

বিজেপি কি চাপে?

ককরোচ জনতা পার্টির আন্দোলন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে বিজেপি এই তরুণদের আন্দোলনকে ভয় পাচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো নেই। গ্রেফতারের অভিযোগ সত্য হলে তা আন্দোলনকে আরও জোরালো করতে পারে। অন্যদিকে, অভিযোগের পক্ষে প্রমাণ না মিললে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা থাকবে।

দলটির সাম্প্রতিক কর্মসূচি থেকে বোঝা যাচ্ছে, তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে থেমে থাকতে চায় না। মুম্বাইয়ের পর দিল্লিতে বড় জমায়েতের পরিকল্পনা সেই কৌশলেরই অংশ।

১০ অক্টোবরের কর্মসূচিতে কত মানুষ যোগ দেন এবং প্রশাসন কী ভূমিকা নেয়, তার ওপর আন্দোলনের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%