০৯:৩৩ পি.এম
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরখাস্তের আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি।
সোহেলী আক্তার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। তিনি গত ১৫ আগস্ট (শনিবার) নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটো কার্ড পোস্ট করেন, যেখানে শেখ মুজিবের ছবিও ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
আরও পড়ুন: লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল মঈনুল ইসলামের
পরদিন রবিবার, কলেজে গিয়ে সোহেলী অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন। ওইদিন তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতের মধ্যে নন্দনগাছী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ বলেন, ‘সোহেলী আক্তার কলেজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এজন্য আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছি।’
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি। শোকজ করা হয়নি। তবে এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ বিষয়ে প্রভাষক সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিনা কিছুই জানি না। তবে আমার কী দোষ, সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন