ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০৩১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন ব্রাহিম দিয়াজ


২০৩১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন ব্রাহিম দিয়াজ

রিয়াল মাদ্রিদ ব্রাহিম দিয়াজের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে। নতুন চুক্তির আওতায়, এই মরক্কোর ফরোয়ার্ড ২০৩১ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন। এর ফলে, আগামী গ্রীষ্মে শেষ হতে যাওয়া তার পূর্ববর্তী চুক্তির মেয়াদও বৃদ্ধি পেল।

২০১৯ সালে ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দিয়াজ দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। সম্প্রতি চুক্তি নবায়ন করা খেলোয়াড়দের মধ্যে তিনি তৃতীয়। এর আগে আর্দা গুলের এবং অরেলিয়ে চুয়ামেনির সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি।

গত গ্রীষ্মকালীন দলবদলে ২৭ বছর বয়সি এই ফুটবলারকে নিয়ে রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি ক্লাবেই থেকে যান। চলতি মৌসুমে, দিয়াজ ১০ ম্যাচে চারটি অ্যাসিস্ট করেছেন, যদিও মাত্র এক ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: পিএসজির পার্ক দে প্রিন্সে টানা ৫৫ ম্যাচে গোল করার রেকর্ড

জাতীয় দলের হয়ে দিয়াজের পারফরম্যান্সও চমৎকার। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) তিনি পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। তবে তার দল মরক্কো ফাইনালে হেরে রানার্সআপ হিসেবে শেষ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩০ বিচারিক পদে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


২৩০ বিচারিক পদে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন

নির্বাহী বিভাগের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থায় ২৩০টি বিচারিক কর্মকর্তার পদে প্রেষণে পদায়ন নিয়ে নির্বাহী ও বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে রশি টানাটানি চলছে। আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের প্রস্তাব পাঠানো হলে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো গ্রহণে গড়িমসি করছে। বিচারিক কর্মকর্তাদের গ্রহণে কিছু সময় আপত্তি জানানো হয়েছে বলে জানা গেছে।

পদায়ন নিয়ে টানাপোড়েন চলছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের মধ্যে। জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিচার বিভাগের কর্মকর্তাদের দাবি, জনপ্রশাসন ও বিচারিক প্রশাসনের দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী, এসব পদে জেলা জজসহ অধঃস্তন আদালতের বিচারকরা প্রেষণে পদায়ন হয়ে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে মন্ত্রণালয় ও দপ্তরগুলো বিচারকদের জন্য নির্ধারিত পদগুলোতে তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। কোথাও কোথাও বিচারকরা যোগ দিতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হচ্ছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

অপরদিকে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দাবি, রুলস অব বিজনেস অনুযায়ী, নির্বাহী বিভাগে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগের বিধান নেই। বর্তমানে আইন কর্মকর্তাদের কাজ চালিয়ে নেওয়ার মতো জনপ্রশাসনে অনেক দক্ষ কর্মকর্তা রয়েছেন। মন্ত্রণালয়গুলো প্রয়োজন সাপেক্ষে আইন বা অন্য কোনো বিষয়ে ভেটিংয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত নিয়ে থাকে। মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর নির্বাহী বিভাগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়ন বিধিসম্মত নয় বলেও দাবি করেন কর্মকর্তারা।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এক সময় মন্ত্রণালয় ও বিভাগগুলোতে প্রয়োজনের তাগিদেই বিচার বিভাগ থেকে বিচারকদের প্রেষণে পদায়ন করা হতো। কিন্তু বর্তমানে এটি অনেক কমে এসেছে। কারণ দেশে প্রতিনিয়ত মামলার সংখ্যা বেড়ে চলেছে। এ অবস্থায় আদালতগুলোতে অভিজ্ঞ ও দক্ষ বিচারকের সংকট রয়েছে। ফলে আমরা আদালতেই বিচারকদের রাখতে চাই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, জনপ্রশাসন ও বিচার প্রশাসন দেশের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সবাই রাষ্ট্রের জন্য নিজ নিজ পদে থেকে কাজ করছেন। কিছু কিছু পদ নিয়ে মাঝে মাঝে আলোচনা হয়। এগুলো প্রচলিত ও রুলস অব বিজনেস, সরকারের নীতি এবং কর্মসূচি অনুযায়ী আলোচনার মাধ্যমে সুরাহা হয়ে থাকে।

যারা আছেন, যারা নেই

আইন মন্ত্রণালয়ের বিচার শাখার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা আমার দেশকে জানান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থায় বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য নির্ধারিত ২৩০ পদের মধ্যে বর্তমানে অধিকাংশ পদ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দখলে রয়েছে। কর আপিল ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যানসহ পাঁচ সদস্যই ছিলেন বিচারক। বর্তমানে এখানে দুজন বিচারক রয়েছেন। অপর পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে পূরণ করা হয়েছে।

ভ্যাট আপিল ট্রাইব্যুনালে তিনজন বিচারককে প্রত্যাহার করা হলেও বিচার বিভাগ থেকে নতুন করে আবারও পদগুলো পূরণ করা হয়েছে। কোর্ট অব সেটেলমেন্টে চেয়ারম্যানসহ জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পর্যায়ের চারজন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। বর্তমানে এখানে একজন জেলা জজ এবং একজন অতিরিক্ত জেলা জজ দায়িত্ব পালন করছেন।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তরে একজন জেলা জজ আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন। একই সঙ্গে আবাসন অধিদপ্তরে একজন এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড যুগ্ম জেলা জজ প্রেষণে পদায়ন হয়ে দায়িত্ব পালন করতেন। বর্তমানে এ চারটি পদে কোনো বিচারক নেই। বিচারকদের পরিবর্তে এ পদগুলোতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, খাদ্য অধিদপ্তরে একজন জেলা জজ এবং একজন যুগ্ম জেলা জজ আইন উপদেষ্টা হিসেবে পদায়ন হয়ে কাজ করে আসছিলেন। বর্তমানে এ পদ দুটি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে পূরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে একজন যুগ্ম জেলা জজ আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। তাকেও তুলে নিয়ে আদালতের বিচারিক কাজে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এ মন্ত্রণালয়ের অধীনে দুটি শাখায় সিনিয়র সহকারী সচিব হিসেবে যুগ্ম জেলা জজ পর্যায়ের দুজন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। আইন মন্ত্রণালয় এ দুজনকে তুলে নেওয়ার পর পদ দুটিতে প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপসচিব পদে একজন অতিরিক্ত জেলা জজ ও সিনিয়র সহকারী সচিব পদে একজন যুগ্ম জেলা জজ নিয়োজিত ছিলেন। তারা আইন উপদেষ্টা ও আইন কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ের মামলা ও অন্যান্য আইনি বিষয়াদি দেখভাল করার দায়িত্ব পালন করে আসছিলেন। এ পদগুলোতেও এখন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ে আইন কর্মকর্তা হিসেবে একজন বিচারক দায়িত্ব পালন করে আসছেন। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে একজন যুগ্ম জেলা জজের নির্ধারিত পদ থাকলেও সেটি এখন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে পদায়ন করা হয়েছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা হিসেবে একজন জেলা জজ দায়িত্ব পালন করতেন। আদালতে বিচারকের সংকট দেখা দেওয়ার পর তাকে আইন মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়ে যায়। অতিরিক্ত সচিবের ওই পদটিতে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তার মাধ্যমে পূরণ করা হয়। পরবর্তী সময়ে বনভূমিসহ বিভিন্ন বিষয়ে দেশের আদালতগুলোতে অসংখ্য মামলা পরিচালনা নিয়ে জটিলতা তৈরি হয়।

পরবর্তী সময়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পুনরায় একজন জেলা জজ পদ মর্যাদার কর্মকর্তা চেয়ে চিঠি দেওয়া হয়। এরই সূত্র ধরে আইন মন্ত্রণালয় একজন জেলা জজকে অতিরিক্ত সচিব হিসেবে পদায়নের সুপারিশ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এ কর্মকর্তাকে গ্রহণে অসম্মতি জানায়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে চিঠি চালাচালির পর আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে যুগ্ম সচিব পদে পদায়নের সুপারিশ করলে জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি গ্রহণ করে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন অতিরিক্ত জেলা জজকে পরিচালক হিসেবে পদায়নের রেওয়াজ থাকলেও বর্তমানে সেটি নেই বলে জানান আইন মন্ত্রণালয়ের বিচার ও প্রশাসন শাখার এক কর্মকর্তা। তবে বিচারকদের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন মন্ত্রণালয়সহ সরকারের আরো কয়েকটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থায় যেসব কর্মকর্তার পদ পূরণ করা হয়েছে, তারা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও জানান আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পদায়ন নিয়ে পক্ষে-বিপক্ষে মত

বিচারকদের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় পদায়ন নিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকটি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলে আমার দেশ। কর্মকর্তাদের একটি অংশ মনে করেন, প্রতিটি মন্ত্রণালয়ে একটি করে আইন শাখা রয়েছে। মন্ত্রণালয় সংক্রান্ত আইন, বিধি-বিধান তৈরি ও সংশোধন এবং আদালতে দায়ের হওয়া মামলার তদারকি ও নিষ্পত্তিতে পরামর্শক হিসেবেই আইন কর্মকর্তা ও উপদেষ্টারা কাজ করে থাকেন। বেশ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে বিচারকদের প্রত্যাহারের ফলে এসব আইনি কার্যক্রমে জটিলতা এবং ঘাটতি দেখা দিয়েছে বলেও জানান কর্মকর্তারা।

কর্মকর্তাদের অপর অংশের মতে, মাসদার হোসেন মামলার রায় ও প্রচলিত রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রণালয়গুলোতে বিচারকদের পদায়নের সুযোগ নেই। বিচারকদের কাজই হচ্ছে আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করা।

নির্বাহী বিভাগের কাজে বিচারকদের পদায়ন না করার পক্ষে যুক্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক ও স্বাধীন হওয়ার পর কোনোভাবেই বিচারকদের আদালতের বাইরের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ নেই। এটি মাসদার হোসেন মামলার রায়ের মূল স্পিরিটেরও পরিপন্থী বলে জানান তিনি।

তবে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদ্যমান বিধিমালার আলোকে আইন বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সলিসিটর, উপ-সলিসিটর, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের (বিচারক) নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। এসব পদে ২৫ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে নিয়ে পদায়নের সুযোগ রয়েছে এ বিধিমালার আলোকে। কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের আলোকে রাষ্ট্রের কল্যাণ সাধনই হচ্ছে পদায়নের লক্ষ্য। এখানে বিতর্ক কিংবা আপত্তির কিছুই নেই বলেও জানান তারা।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কী ভাবছে

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন আমার দেশকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর প্রয়োজনেই বিচার বিভাগ থেকে কর্মকর্তাদের পদায়নের চাহিদাপত্র দেওয়া হয়। আইন ও প্রচলিত বিধি-বিধান মেনেই এসব পদায়ন হয়ে থাকে। এখানে দ্বন্দ্বের কোনো বিষয় নেই। আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। রাষ্ট্রের কল্যাণ সাধনেই আমরা সরকারের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করি। রাষ্ট্র যাকে যেখানে দায়িত্ব পালনের উপযুক্ত মনে করে, তাকে সেখানেই পদায়ন করে থাকে। এসব বিষয় নিয়ে বিতর্কের কিছু নেই।

তিনি বলেন, আইনগত বিষয় ও মামলা-মোকদ্দমা পরিচালনায় পরামর্শক হিসেবে অনেক জায়গায় বিচার বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন। ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর প্রয়োজন মনে না করে তাহলেই রাষ্ট্র সেভাবেই উদ্যোগ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় সংঘটিত একটি দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার এই দুর্ঘটনাটি ঘটে।

রাঁচি-পাটনা মহাসড়কের পেইনকি গ্রামের নিকটবর্তী কুজু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।

রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানিয়েছেন, একটি স্করপিও গাড়িতে তিন নারীসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। স্করপিওটি সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর দুর্ঘটনার শিকার হয়। গাড়ির সকল যাত্রী বিহারের নালন্দা জেলার বাসিন্দা।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, দুর্ঘটনাটি গত রাত ২টার দিকে ঘটে। গাড়িটিতে মোট ১৪ জন ছিলেন। রাত আড়াইটার দিকে আহতদের রামগড় সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: পিটিআই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে জামায়াতের নতুন কমিটি গঠন, আমির এনাম খান ও সেক্রেটারি জাবেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


সরাইলে জামায়াতের নতুন কমিটি গঠন, আমির এনাম খান ও সেক্রেটারি জাবেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মো. এনাম খান উপজেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ নুরুজ্জামান জাবেদ সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জামায়াতের আমির এনাম খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ।

নবগঠিত কমিটিতে তিনজন সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেকুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ বুখারী এবং আমিরুল হক।

এছাড়া, আট সদস্যবিশিষ্ট উপজেলা শূরা ও কর্মপরিষদও গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান জাবেদ, তারেকুল ইসলাম, ডা. আব্দুল্লাহ খান, মাওলানা আতাউল্লাহ বুখারী, এবাদুল হক মৃধা, রহমত আলী খন্দকার, আমিরুল হক এবং খন্দকার বরকতুল্লাহ মিন্টু।

নবগঠিত কমিটি আগামী দুই বছর ধরে সরাইল উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভূঁইয়া এবং সরাইল উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, ঝুঁকিতে যেসব এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, ঝুঁকিতে যেসব এলাকা

অর্ণব, মুরাসু, আকভান। গত এক মাসের মধ্যে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পরে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’, যা মালদ্বীপ কর্তৃক নামকরণ করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। এটি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিস্টেমটি শক্তি বাড়িয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘কানি’-তে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। একাধিক আবহাওয়া মডেলের মতে, এটি সমুদ্রেই দুর্বল হয়ে যেতে পারে।

সিস্টেমটি ঘনীভূত হলে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে এর সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে দুই দিনের জন্য তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে শীতের আমেজকে অনেকটা নষ্ট করবে। কলকাতার রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৯-২০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। কলকাতায় দিনের পারদ ২৬ থেকে বেড়ে ২৮-২৯ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।

দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে ৩ ডিসেম্বর থেকে। কিছুদিনের জন্য বৃদ্ধি পাওয়া দিন ও রাতের তাপমাত্রা আবারও কমে আসবে। ৪ তারিখ থেকে শীতের আমেজ ফিরে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%