০৩:২৫ এম
কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় একটি গাড়িবোমা বিস্ফোরণের ফলে অন্তত ১১ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য রয়েছেন এবং তিনজন বেসামরিক ব্যক্তি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিন আগে শনিবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
দেশটির নোর্তে দে সান্তান্দের বিভাগের নিরাপত্তা সচিব জর্জ কুইন্তেরো সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি।
ভেনেজুয়েলা সীমান্ত সংলগ্ন কুকুতা এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন), ফার্কের (এফএআরসি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এবং অপরাধী সংগঠন ক্লান দেল গোলফোর তৎপরতা রয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন এবং একে 'কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ কলম্বিয়াকে ভয় দেখাতে পারবে না এবং শান্তি ও নিরাপত্তায় বসবাসের জনগণের সংকল্প ভাঙতে পারবে না।
ছয় দশকেরও বেশি সময় ধরে কলম্বিয়া সরকার, বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন অপরাধী চক্রের সংঘাতে জর্জরিত।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ হওয়ায় মাদক পাচার ও সশস্ত্র সহিংসতা দেশটির অন্যতম বড় নিরাপত্তা চ্যালেঞ্জ।
আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সশস্ত্র সংঘাত নিরসনে সংলাপভিত্তিক নীতি অনুসরণ করেন এবং মাদকবিরোধী অভিযানে ক্ষুদ্র কোকা চাষিদের পরিবর্তে বড় মাদক চক্রগুলোর বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেন।
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দে লা এসপ্রিয়েলা আগে সংঘাতপ্রবণ কাওকা বিভাগে সামরিক ঘাঁটিতে শপথ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সেটি অনুমোদন না পাওয়ায় তিনি রাজধানী বোগোটার সিটি হলে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
আরও পড়ুন: শান্তি ও যুদ্ধের বাইরে পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন