০৬:১৯ পি.এম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ঘাট এলাকায় চার দফা দাবিতে মানববন্ধন করেছেন চরাঞ্চলের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ১০টায় ‘চরাঞ্চলের অবহেলিত জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পাশাপাশি সদর উপজেলার শিলই ও বাংলাবাজার এবং শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও সখীপুর উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানান, দিঘিরপাড়, কাচিকাটা, নওপাড়া, চরআত্রা, কুন্ডেরচর, চর শিলই ও চর বাংলাবাজার এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ও নাগরিক নানা সমস্যায় ভুগছেন। এসব সমস্যা সমাধানের দাবিতে তাঁরা চার দফা দাবি তুলে ধরেন।
আরও পড়ুন: সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২১৪
দাবিগুলো হলো, চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে একটি টেকসই সেতু নির্মাণ, নদীভাঙন ও জলাবদ্ধতা প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়কগুলো পিচঢালা সড়কে উন্নীতকরণ এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান।
মানববন্ধনে বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের এসব দাবি দীর্ঘদিনের। যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। হাট-বাজারে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যা বলেন, “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যার মধ্যে বসবাস করছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের স্বার্থে চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক।”
বক্তারা আরও বলেন, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন: শিবচরে মাদক বাবসায় বাধা দেওয়ায় যুবককে মারধর; টাকা, স্বর্ণের আংটি ছিনতাইয়ের অভিযোগ
মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন