প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনে বনদস্যু দমনের লক্ষ্যে কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৪৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। একই সাথে, সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এই অভিযানে দস্যুদের কবল থেকে ৬৬ জন জেলে ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ। তিনি উল্লেখ করেন, সুন্দরবন থেকে বনদস্যুদের কার্যক্রম নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ৪৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় দস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, কোস্টগার্ড ও যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের ফলে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।
রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন এবং আউটপোস্ট থেকে বিশেষ টহল দল কাজ করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক টহল দেওয়ার পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
বন্যপ্রাণী নিধন এবং বনজ সম্পদ পাচার রোধে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্টগার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন