ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী


অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

বরিশাল, ৫ আগস্ট, ২০২৬ : জুলাই গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেছেন।

আজ সকালে বরিশালে নগরীর আমতলারের মোড় এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রথমে জুলাইয়ের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের নাগরিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়

শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যেই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি, তাঁদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম দায়িত্ব। ছাত্র-জনতার এই ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। তাই অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

শ্রদ্ধা নিবেদনকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহীদদের স্বপ্নের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দিনভর জেলাজুড়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হচ্ছে।

আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোকিও বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


টোকিও বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হয়েছে। এই আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসের শুরুতে দূতাবাসের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।

আলোচনা সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় পুনর্বাসন এবং তাদের মুক্তিযোদ্ধাদের মতো দীর্ঘমেয়াদি কল্যাণমূলক সুবিধার আওতায় আনা অত্যন্ত আবশ্যক।

রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতীয় ঐক্য ও দেশ গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে যে গণ-আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, তা বাস্তবায়নে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক প্রক্রিয়ায়, বর্তমান সরকারের কল্যাণমুখী উদ্যোগগুলোকে সমর্থন জানানোর পাশাপাশি গঠনমূলক পরামর্শ প্রদানের মাধ্যমে আমাদের নাগরিক ভূমিকা পালন করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সুশাসিত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রবাসীদের অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রবাসীদের নাগরিক সুবিধা আরও সহজতর করতে ইতোমধ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো আমাদের প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স। ফ্যাসিস্ট আমলের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বর্তমানে সেটি ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এ সময় তিনি প্রবাসীদের প্রতি অফিসিয়াল ও বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জাপানে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলায় রিয়াদ-তেহরান উত্তেজনায় চাপে বাগদাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলায় রিয়াদ-তেহরান উত্তেজনায় চাপে বাগদাদ

২৯ জুলাই ইরাকে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নজিরবিহীন যৌথ হামলায় অন্তত ২০ জন প্যারামিলিটারি সদস্য এবং ইরানিয়ান বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) চারজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। এই হামলাটি সৌদি তেল স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে বরাদ্দ করা হয়েছে, যেখানে রিয়াদ এটিকে তাদের আত্মরক্ষার অধিকার হিসেবে উপস্থাপন করেছে।

তবে, এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও রিয়াদের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার পাশাপাশি দেশের অভ্যন্তরে তেহরান-পন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বাগদাদের বহুদিনের ভারসাম্য রক্ষার কৌশলটি এখন অভূতপূর্ব অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আপাতদৃষ্টিতে এই যৌথ হামলাটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নয় বরং রিয়াদের পক্ষ থেকে তেহরান ও তার আঞ্চলিক সহযোগীদের জন্য একটি তাৎক্ষণিক সতর্কবার্তা। চলমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টাদের প্রাণহানির ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এটি তেহরানকে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, ইরাকের মাটি ব্যবহার করে পরিচালিত যেকোনো হামলার দায়ভার শেষ পর্যন্ত ইরানকেই বহন করতে হবে।

হামলার পর, ইরাকের প্রতিরোধ জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ (আইআরআই) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিলেও রিয়াদের প্রতি কিছুটা মেপে কথা বলছে। এই গোষ্ঠী, আগামী ৭ আগস্টের মধ্যে বাগদাদ সরকারকে হামলার বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে সময়সীমা বেঁধে দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাধারণত অতর্কিত হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলো যখন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, তখন তাদের মূল লক্ষ্য থাকে সামরিক সংঘাতের চেয়ে, সরকারকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা। তবে আইআরআই-এর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার ফলাফলের ওপর।

এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বাগদাদ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্কার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ পরিকল্পনা চরম ধাক্কা খেয়েছে। সরকার ৩০ সেপ্টেম্বরের মধ্যে অননুমোদিত গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছিল, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার অজুহাত তুলে কাতায়েব হিজবুল্লাহর মতো প্রভাবশালী দলগুলো অস্ত্র জমাদানের বদলে শক্তি বৃদ্ধির ঘোষণা দিচ্ছে। নিরাপত্তা সংস্কারের এই ব্যর্থতা কেবল অভ্যন্তরীণ শান্তিকে বিঘ্নিত করছে না, বরং সম্প্রতি ওয়াশিংটন ও রিয়াদের সাথে স্বাক্ষরিত বিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি এবং বিদেশি বিনিয়োগের ভবিষ্যতকেও বড় ধরনের ঝুঁকিতে ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাগেরহাট, ৫ আগস্ট, ২০২৬ : সুবিধাবঞ্চিত মানুষের জন্য অবকাঠামো গড়ে তুলতে এবং মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ক্যাফেটেরিয়ায় বাগেরহাটের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী, সমাজসেবা কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং স্থানীয় গুণীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এভার কেয়ার হাসপাতালের সিনিয়র প্রফেসর ডা. এস এম আবু জাফর। সভায় উপস্থাপনার কাজ করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রফিকুস সালেহীন।

উপস্থাপনায় ছিলেন আমেরিকা প্রবাসী সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু। সভায় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, সাবেক অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাবেক বিচারক ইখতিয়ার ইসলাম মল্লিক ও শেখ জালাল উদ্দীন, সেই সঙ্গে ডা. শেখ আবুল ফাত্তাহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়, ৫ আগস্ট, ২০২৬ : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।"

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শেরে বাংলা পার্কে, জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবো।"

সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, "আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যাতে ফ্যাসিস্ট আবারো কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমি আমাদের সকল দলের, সকল মতের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।"

তিনি আরো বলেন, "আমাদের এই পঞ্চগড়ের ৫ জন কৃতি সন্তান রাজ পথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। আমরা তাদের মাগফেরাত কামনা করছি।"

এদিন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে, জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে, পানি সম্পদ প্রতিমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন।

পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%