প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে যে, নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান না করলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করা হবে।
মঙ্গলবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসস’কে এ বিষয়ে তথ্য দেন।
তিনি উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় ধরে বায়োমেট্রিক তথ্য জমা দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। ফলে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বৃদ্ধি পেলেও কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এই ধরনের আবেদনের নিষ্পত্তির জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আখতার আহমেদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন।
ইসি সচিব বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ দেওয়া হবে না। তাই বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা আবশ্যক।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসস’কে জানান, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু যদি কেউ সাড়া না দেয় এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেয়, তাহলে তার আবেদন বাতিল করা হবে।
তবে, এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ইসিতে ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধন আবেদনের জন্য জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন