০৯:৩৭ পি.এম
বোনের বিয়ের আনন্দ-উৎসব ও আত্মীয়-স্বজনের কোলাহল এবং নতুন জীবনের শুভকামনায় মুখর ছিল পুরো পরিবার। কিন্তু সেই আনন্দঘন আয়োজন মুহূর্তের মধ্যেই শোকে রূপ নেয়। বোনের বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সড়ক পারাপারের সময় মো. সামির (১৩) নামে এক কিশোর ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারায়।
শুক্রবার (১৯ জুন) বেলা পৌনে ৪টার দিকে চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কের ‘ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের’ সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে সারাদিনের উৎসব-আনন্দ শেষে বিকেলে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুত গতির ডাম্প ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল মঈনুল ইসলামের
আহত অবস্থায় সামিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আলিফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সামির ছিল সবার ছোট এবং পরিবারের একমাত্র ছেলে।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানিয়েছেন, সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হাটহাজারী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বিয়ের উৎসব শেষে একমাত্র ভাইয়ের করুণ মৃত্যুতে পরিবারজুড়ে শোকের মাতম নেমে এসেছে। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বেজেছিল বিয়ের সানাই, সেই বাড়িতে এখন স্বজন হারানোর আহাজারি। আনন্দের রঙ মুছে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে গভীর বিষাদের ছায়া। এলাকার মানুষের মাঝেও এ ঘটনায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন