প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালির পাশাপাশি বাব এল মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে জাহাজ ভাড়া ও কনটেইনার পরিবহনের খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বাণিজ্যের এই দুটি গুরুত্বপূর্ণ রুট এড়িয়ে বিকল্প পথে চলাচল করায় জাহাজের সময় লাগছে অতিরিক্ত ২৫ থেকে ৩০ দিন। একই সঙ্গে পরিবহন খরচ বেড়েছে দুই থেকে তিনগুণ। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেল পরিবহনের অয়েল ট্যাংকারের সংকটও তৈরি হয়েছে।
বিশ্ব সমুদ্র বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলমান রয়েছে। এই পথে ভাসমান মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে, বাব এল মান্দেব প্রণালিতে হুতি বিদ্রোহীদের কার্যক্রমের কারণে এ পথেও জাহাজ চলাচল স্বাভাবিক নেই। দুই গুরুত্বপূর্ণ নৌপথের এই অস্থিরতা বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যে প্রভাব ফেলছে।
চট্টগ্রাম নৌ বাণিজ্য অধিদফতরের প্রিন্সিপাল অফিসার (রুটিন ওয়ার্ক) ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সমুদ্র পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ ও বাব এল মান্দেব-শিপিংয়ের এই দুটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্টে জাহাজ চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে।
লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে বাব এল মান্দেব প্রণালি। অপরদিকে, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। গত ৯ মাসের বেশি সময় ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে সময় বাঁচাতে অনেক জাহাজ বাব এল মান্দেব প্রণালি ব্যবহার করার চেষ্টা করছিল। তবে বর্তমানে দুই রুট এড়িয়ে আফ্রিকা ঘুরে জাহাজ চলাচল করায় অতিরিক্ত অন্তত ২৫ দিন সময় লাগছে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী জানান, আগে বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য পাঠাতে প্রতি কার্গোর ভাড়া ছিল ৭০০ থেকে ৮০০ ডলার, কিছু ক্ষেত্রে ১ হাজার ডলার। বর্তমানে সেই ভাড়া বেড়ে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার ডলারে পৌঁছেছে। জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার নিচ দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যা অতিরিক্ত ২৫ দিন সময় নিচ্ছে। এই বাড়তি সময়ে জাহাজের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে, যার প্রভাব পরিবহন ভাড়ায় পড়ছে।
চলতি বছরের জুলাই ও আগস্টে চীনের সাংহাই থেকে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুটের একটি কনটেইনার পরিবহনে ভাড়া ছিল আড়াই হাজার মার্কিন ডলার। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজার ডলারে।
বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, বছরে একটি প্রতিষ্ঠান যদি ১ হাজার থেকে দেড় হাজার কন্টেইনার পণ্য রফতানি করে, তাহলে বাড়তি পরিবহন খরচ পুরোপুরি রফতানিকারককেই বহন করতে হয়। সাধারণত ক্রেতারা এই বাড়তি খরচ দেন না। ফলে তা পণ্যের মোট উৎপাদন ও রফতানি ব্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী জানান, ঝুঁকি বেড়ে যাওয়ায় এই রুটে তেল পরিবহনের জন্য বিশেষ করে ট্যাংকার জাহাজের সংকট তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ পথে চলাচল এড়াতে জাহাজমালিকেরা বিকল্প রুট ব্যবহারের চেষ্টা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন