১১:২৩ পি.এম
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে, এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সমাবর্তন নিয়ে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করা হয়। এতে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।পুরান ঢাকার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত ওই সমাবর্তনে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
এরপর ২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় প্রস্তুতি এগিয়ে গেলেও একই বছরের এপ্রিলে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত আয়োজন স্থগিত হয়ে যায়।
তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ হয়নি। ফলে, সমাবর্তনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়। অবশেষে নতুন তারিখ ঘোষণায় সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘প্রাথমিকভাবে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই সমাবর্তন অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তন হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়েই সমাবর্তন আয়োজনে সর্বাত্মক চেষ্টা থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন