০৫:১৩ পি.এম
সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা উল্লেখ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ, কৃষি, সেচ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আজ শনিবার সিলেট সদরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ এবং রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন।
মন্ত্রী আরও জানান, চলমান সহায়তা কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার উপকারভোগীর প্রত্যেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। পাশাপাশি প্রায় ৭০০ জনকে জনপ্রতি এক হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ ও এলাকার সার্বিক উন্নয়নে প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। তবে সিলেট বিভাগের বিভিন্ন সড়কের উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা ও টিউবওয়েল স্থাপনের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-দিল্লির কনস্যুলার সংলাপ ১৭-১৮ নভেম্বরের জন্য স্থগিত
মন্ত্রী বলেন, সাময়িক জলাবদ্ধতা ও সেচের পানির অভাবে যেসব জমি অনাবাদি থাকে, সেগুলোকে চাষাবাদের আওতায় আনতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। তিনি আরও জানান, খাল খনন কর্মসূচিকে জোরদার করে সেচব্যবস্থা সম্প্রসারণ করা হবে, যাতে সিলেটের কৃষিজমিতে সারা বছর চাষাবাদ সম্ভব হয়।
তিনি বলেন, পর্যায়ক্রমে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং জনগণ এর সুফল বন্দোবস্ত করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত। এছাড়া বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন