১০:১৮ পি.এম
৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রেসিডেনশিয়াল নির্বাচনে এনরিক রিকুয়েলমে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আছেন। ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করা ফ্লোরেন্তিনো পেরেজকে হারানোর জন্য নির্বাচনী ইশতেহারে তিনি আরলিং হল্যান্ডকে কিনতে সমস্ত কিছু করতে প্রতিজ্ঞা করেছেন।
আরলিং হল্যান্ডের ছবি: রয়টার্স
ম্যানচেস্টার সিটি ক্লাবের এই তারকাকে নিয়ে রিকুয়েলমে বলেছেন, ‘আমরা তার (হল্যান্ড) এজেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমাদের তার বর্তমান ক্লাবকে সম্মান জানাতে হবে, কিন্তু যদি আমি সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হই, তাহলে সে মাদ্রিদের হয়ে খেলবে। তাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য আমি সম্ভাব্য সবকিছু করব।’
আরও পড়ুন: বাংলাদেশের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান
সিটি এই মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি। দলটির একটি কর্মকর্তা মন্তব্য করেছেন, তাদের খেলোয়াড়ের পরিচিতি ব্যবহার করার কারণে তারা আইনি পদক্ষেপ নেবেন। ওই কর্মকর্তা বলেছেন, ‘আরলিং হল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে স্পেন থেকে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো সঠিক নয়। এ ধরনের কোনও সম্ভাবনাই নেই এবং এটি বাস্তবায়নের জন্য তার চুক্তিতে কোনও ধারাও (ক্লজ) নেই। এ প্রেক্ষাপটে আমাদের খেলোয়াড়ের ছবি/পরিচিতি ব্যবহার করার কারণে আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।’
রিকুয়েলমে হল্যান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্তার সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেছেন, তবে পিমেন্তা এই খবরকে মিথ্যা বলে চিহ্নিত করেছেন। তিনি ও হল্যান্ডের পিতা-মাতা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘সবকিছুই বেশ বিনোদনমূলক এবং মজার, কিন্তু এটি সত্য নয়। রিয়াল মাদ্রিদে উভয় প্রার্থীর জন্য আমরা শুভকামনা জানাই।’
রিকুয়েলমে শুধু হল্যান্ডকে নয়, ম্যানসিটির আরেক তারকা রদ্রি কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, ‘সে একজন শীর্ষ মানের খেলোয়াড়, একজন ব্যালন ডি’অর বিজয়ী। রদ্রি এমন একটি পজিশনে খেলে, যেখানে রিয়াল মাদ্রিদকে শক্তিশালী করা দরকার। আমি যদি সভাপতি নির্বাচিত হই, ম্যানচেস্টার সিটির প্রতি সম্মান রেখেই বলছি, রদ্রি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে।’
তিনি আরও বলেছেন, ‘ফ্লোরেন্তিনোর মতো আমার দীর্ঘ একটি সফল রেকর্ড নেই। আমি আগে কখনও সভাপতি ছিলাম না। তাই আমি যে দুইজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছি, তাদের ব্যাপারে আমি একটি ব্যক্তিগত নোটারি-সত্যায়িত গ্যারান্টি দিচ্ছি। যদি আমি তাদের আনতে ব্যর্থ হই, তাহলে রিয়াল মাদ্রিদের ১ লাখ সদস্যের বার্ষিক চাঁদার ১০০% আমি ব্যক্তিগতভাবে পরিশোধ করব।’
আরও পড়ুন: বিদেশি অপপ্রচার ও গুজব রোধে পিআইডির বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন