০১:০১ এম
তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে মোসা. রাজিয়া খাতুন (৩২) নামে এক নারী সাভারে সড়কের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে। পরে স্থানীয় সুপার মেডিকেল হসপিটাল (প্রা.) লিমিটেডের কর্মীরা মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রসূতির স্বামী আমীর হামজা জানিয়েছেন, দুপুরে স্ত্রীর পেটে ব্যথা শুরু হলে তিনি রিকশায় সাভারের শিমুলতলার একটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীর চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তখন তারা কাছের একটি হাসপাতালের দিকে রওনা হলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন।
আমীর হামজা বলেন, হাসপাতালটি মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল। কিন্তু যানজটের কারণে তারা ১০ থেকে ১৫ মিনিট আটকে ছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্ত্রীকে কাঁধে করে নেওয়ার চেষ্টা করার সময় সড়কের মাঝে সন্তান প্রসব করে জ্ঞান হারান রাজিয়া।
আরও পড়ুন: রংপুরে ছাত্রদলের শোডাউনে ‘আপা আপা করিস না’ স্লোগান
খবর পাওয়ার পর সুপার মেডিকেল হসপিটালের কর্মীরা দ্রুত স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের উদ্ধার করেন। হাসপাতালটির ব্যবস্থাপক মো. আসিফ হামজা জানান, মা বর্তমানে সুস্থ আছেন, তবে সময়ের আগে জন্ম নেওয়ার কারণে নবজাতকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে অবৈধ পার্কিং ও বিশৃঙ্খলার কারণে মূলত এই যানজটের সৃষ্টি। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমে জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন