প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসা থেকে চলতি বছর আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শতভাগ ফেল করার ঘটনা ঘটেছে। এই প্রতিষ্ঠানের আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সরেজমিনে তথ্য সংগ্রহে জানা গেছে, দর্গাহপুর মাদ্রাসার শিক্ষার্থীদের বিয়ের কারণে অনেকেই ক্লাসে উপস্থিত হতে পারেননি।
দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল মো. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আলিম শ্রেণিতে ২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন ১০ জন। তবে, পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ জন, এবং তাদের সবাই ফেল করেন।
মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন, অধিকাংশ শিক্ষার্থী গরিব পরিবার থেকে আসেন। ভর্তি হওয়ার পরপরই তাদের অভিভাবকরা মেয়েদের বিয়ে দিয়ে দেন। এবারের ভর্তি হওয়া ২৭ জনের সবার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর তাদের পড়ালেখায় আগ্রহ কমে যায়। এছাড়া, মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ে বেশ কয়েকটি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয়ের শিক্ষক সংকট রয়েছে। মাত্র অর্ধ কিলোমিটার দূরে আরেকটি মাদ্রাসার উপস্থিতি ফলাফল বিপর্যয়ের একটি কারণ বলে তারা উল্লেখ করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে ইবতেদায়ি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ২৫৪। শিক্ষকের সংখ্যা ইবতেদায়ি পর্যায়ে চার জন, মাধ্যমিক পর্যায়ে ছয় জন এবং দ্বাদশ শ্রেণি পর্যায়ে প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যালসহ ১০ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত, শারীরিক শিক্ষা, সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং কলেজ পর্যায়ে সহকারী মৌলভী (কারি) বিষয়ে শিক্ষক নেই। ১৯৯৩ সালে এই প্রতিষ্ঠানটি আলিম পর্যায়ের অনুমতি লাভ করে।
প্রিন্সিপ্যাল মো. আব্দুল কুদ্দুস বলেন, যে ৮ জন ফেল করেছে, তাদের সবাই আইসিটি বিষয়ে এবং তিনজন আলাদা তিন বিষয়ে ফেল করেছে। আইসিটি শিক্ষক না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে, তিনি জানান, গত বছর ফলাফল বেশ ভালো ছিল। গতবার ১০ জনের মধ্যে ৯ জন পাশ করেছিল।
পরীক্ষার ফলাফল এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, খারাপ ফলাফলকারী প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। আলাদা করে বসার সময় হয়ে ওঠে না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের এত ব্যয়, অথচ তার আউটপুট শূন্য- এভাবে তো চলতে পারে না।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, "আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আলিম ক্লাসের শিক্ষার্থী, মানে তাদের ১৮ বছরই তো হয়নি। কিভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন