০৯:১২ পি.এম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
বুধবার (৩০ জুন) নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই ক্ষেত্রে চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়।
অভিযান চলাকালীন সময়ে কল্পলোক আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, ভবন নির্মাণে বাধ্যতামূলক প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান সংরক্ষণ করা হয় নি, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি ঘটেছে এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ার ওপর ভিত্তি করে মোট ১১টি স্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন: টঙ্গীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এই সময়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ১২(১) অনুযায়ী নকশাবহির্ভূতভাবে নির্মিত সাতটি বহুতল ভবন এবং একটি অনুমোদনহীন গুদাম সীলগালা করা হয়।
সীলগালা করা স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, তিনজন ভবন মালিককে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চউকের অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ, সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকবৃন্দ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নি দুর্ঘটনায় আহতদের শয্যাপাশে খেলাফত মজলিস মহাসচিব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন