০৪:১৯ পি.এম
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে তার চাচা সুরুজ মিয়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতের ২টা থেকে ভোর ৪টার মধ্যে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামের মনির হোসেন ও মিলনের বাড়িতে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ৬ জনের অজ্ঞাতনামা একদল সশস্ত্র ডাকাতদল বলভদ্রদী গ্রামের মনির হোসেন এবং মিলনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল, গয়না ও টাকা-পয়সা লুট করার চেষ্টা করে। কিন্তু বাড়ির লোকজন তাদের সেই কর্মকাণ্ডে বাধা দিলে ডাকাতদল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
আরও পড়ুন: হারানো বিজ্ঞপ্তিই তাদের প্রতারণার ‘পুঁজি’, এক বছরেই হাতিয়েছে অর্ধকোটি টাকা
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বলভদ্রদী গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে নিহত হন। তার চাচা সুরুজ মিয়া তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে ডাকাতেরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে, পরিবারের অন্যান্য সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে ডাকাতদলকে পালাতে বাধ্য করে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মাধবদী থানার এসআই বারেক হাওলাদারকে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
পুলিশ সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় সুরুজ মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’
তিনি আরও জানান, নিহত শাহজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নবীনগরে মন্দিরের তালা ভেঙে ৩০০ অতিথির খাবারের মালামাল চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন