০২:৩৯ পি.এম
বয়স ১১৪ বছর। কানে কম শোনেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল। তবুও হাঁটাচলায় ক্লান্তি নেই। স্মৃতির জানালায় তাকালে খানিকটা ঝাঁপসা দেখায়। তবে কুড়িগ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আক্তার উদ্দিনের স্মৃতির ভান্ডারে রয়েছে কিছু জ্বলজ্বলে স্মৃতি।
আলাপচারিতায় উঠে আসে এই প্রবীণের জীবনে দেখা অতীত ঐতিহ্য এবং জীবন সংগ্রামের চালচিত্র।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে আক্তার উদ্দিনের জন্ম ১৯১২ সালে। তার আদি নিবাস সদর উপজেলার চর কাগজিপাড়ায়। ৩০ বছর আগে ধরলা নদীর ভাঙনে ভিটে হারান। এরপর স্ত্রী ও আট সন্তানকে নিয়ে ঘর বাঁধেন চরটিতে। সেই থেকে সেখানেই বসবাস করছেন তিনি।
আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবরকে গুজব বলছেন স্থানীয়রা
বুধবার তার বাড়িতে আলাপ হয় আক্তার উদ্দিনের সঙ্গে। সে আলাপে উঠে আসে চাষাবাদ, সংস্কৃতি, চিকিৎসা, যাতায়াতসহ নানা বিষয়ের সেকাল-একাল।
আক্তার উদ্দিন জানান, বৃটিশ ও পাকিস্তান আমলে মানুষের অভাব-অনটন ছিল প্রকট। এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। লেখাপড়া শেখা হয়নি। পায়ে হেঁটেই হাট-বাজার, আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করতে হতো। সামর্থ্যবানদের ঘরে সাইকেল ও গরুর গাড়ি ছিল। মাঠে ফসল ফলতো মাত্র দুটি- হেমতি (আমন) আর বিতরি (আউশ)।
কার্তিক-অগ্রহায়ণ মাসে হানা দিতো মঙ্গা। সেই সময় পাড়ি দেওয়া ছিল কঠিন। অভাবের তাড়নায় জমি বিক্রি করে জীবন ধারণ করতে হতো। এক সময় তিনি একটি জমি বিক্রি করে দুটি গরু কেনেন; তাতে জুড়ে দেন গাড়ি। সেই গরুর গাড়িই তার সংসারকে টেনে নিয়ে যায়। আট সন্তানের বড় সংসারে সেটাই হয়ে ওঠে বেঁচে থাকার অবলম্বন।
ভয়ংকার রোগ-ব্যাধির কথাও মনে করতে পারেন আক্তার উদ্দিন। তার ভাষ্য, এক সময় গ্রামে কলেরা আর বসন্ত মহামারি আকার ধারণ করেছিল। ডাক্তার ছিল না। কবিরাজ-ফকিরের হাতেই সঁপে দিতে হতো জীবন। গাছান ওষুধ দিত, জিন-ভূত তাড়াতো মন্ত্র দিয়ে।
আরও পড়ুন: মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা
তিনি জানান, গ্রামে কয়েক বছরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় কলেরা আর বসন্তে। সকাল-বিকাল-সন্ধ্যায় আসতো শুধু মৃত্যুর খবর। ওই সময় কলেরা তাড়াতে রাতভর ফকিরের হাঁকডাক এখনও কানে বাজে।
বিয়ের প্রসঙ্গ উঠতেই আক্তার উদ্দিনের মুখ উজ্বল হয়ে ওঠে। ক্লান্তিহীন দুই চোখে ভেসে ওঠে মধুর স্মৃতি। জানান, তার বিয়ের সময় কনেকে নিয়ে আসা হয়েছিল পালকিতে। পশ্চিমা বিহারিদের পালকির পেছনে মৃদু লয়ে হেঁটেছেন। পেছনে গরুর গাড়িতে ঠাসা ছিল আত্মীয়-স্বজন। সেই বিয়েতে কিছু পণও দেওয়া হয়েছিল পাত্রীকে।
মাছ ধরার স্মৃতিচারণা করে জানান, আগে পলো, খেওয়াইল, ঝাইট, ঝিটকি, ফাঁসি, ঝোকা, ঝাকিসহ নানা জাল ছিল। বর্ষার সময় বরশি দিয়ে বোয়াল মাছ ধরা হতো। ধরলা নদীতে ছিল না মাছের অভাব। মাছে ভরপুর ছিল খাল-বিল।
নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া থেকে মহিষের গাড়িতে আনা ব্রহ্মপুত্রের একটা বড় (বাইগর) বাঘাইড় মাছের কথা মনে আছে তার। বড়বাড়ি হাটে নিয়ে বেচা হয়েছিল সেই মাছ। আর হাটে ইলিশ মাছ বিক্রি না হলে তা পুঁতে রাখা হতো বলে আজব ঘটনার কথা জানান তিনি।
আরও পড়ুন: পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৩ নেতা গ্রেফতার
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, আগে গ্রামে খেলাধুলা হতো নিয়মিত। তার ভাষায়, ‘আগোত মেলা খেলাধুলা হইতো, আমোদ-স্ফূর্তি হতো, এলা (এখন) সগাই (সবাই) টাকার পেছনে ছোটে।’
আক্তার উদ্দিন জানান, শীতকালে পালাগান, যাত্রাগান, কুশান গান, কেচ্ছা ও দোতরা গান হতো বাড়ির উঠানে উঠানে। সাত থেকে ১০ দিন পর্যন্ত টানা গান চলতো। তার এলাকায় দোতরা গানের বিখ্যাত গায়ক ছিলেন উজির গিদাল। হজব্রত পালনের পর তার নাম হয় উজির হাজি। গিদালের গান শোনার জন্য এ গ্রাম, ও গ্রামে ছুটে যেতেন তিনি।
আক্তার উদ্দিনের ছেলে আবদার আলী জানান, তার বাবা এই এলাকার সবচেয়ে বয়স্ক লোক হলেও এখনো অনেকটাই সুস্থ। শরীরে ব্যথা-বেদনার কিছু ওষুধ ছাড়া কোনো ওষুধ খান না। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হাঁটেন; মসজিদে যান। মাঝে মাঝে বাজারেও যান। পুরনো দিনের অনেক কথা এখনো তার মনে আছে।
আরও পড়ুন: নাটোরের নলডাঙ্গায় উদ্ধার হলো ছয়টি অবিস্ফোরিত ককটেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন