১২:১৪ পি.এম
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে জলদস্যুরা ১০ নাবিককে অপহরণ করেছে। অপহৃত ১০ জনের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক রয়েছেন।
হামলার পর জলদস্যুরা জাহাজটি সোমালিয়ার নুগাল অঞ্চলের উপকূলের দিকে নিয়ে গেছে। এপির তথ্য অনুযায়ী, সোমবার পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে ‘লুতুফ’ নামের জাহাজটির গতিরোধ করে জলদস্যুরা। আট সদস্যের একটি পরিচিত জলদস্যু দল এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ দখলের ঘটনার সঙ্গেও একই দলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এরপর ‘লুতুফ’কে পুন্টল্যান্ডের ডাঙ্গোরোইয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলীয় এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অপহৃত নাবিকদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সোমালিয়া প্রশাসনের তথ্যমতে, জাহাজটিতে মোগাদিশুতে তুরস্ক পরিচালিত একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম ছিল। ওই সব সরঞ্জামের মধ্যে স্যাটেলাইট ফোনসহ বিভিন্ন যন্ত্রপাতি থাকার কথা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: ‘মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও তার সহযোগীদের আইনের মুখোমুখি করবো’
‘পোলার মুভমেন্ট শিপিং’র মালিকানাধীন জাহাজটিতে মোট ১০ জন নাবিক ও নিরাপত্তাকর্মী ছিলেন। এই ১০ জনের মধ্যে ছয় ভারতীয়ের পাশাপাশি তুরস্কের একজন নাগরিক, জর্জিয়ার একজন নাগরিক ও সার্বিয়ার দুই নিরাপত্তারক্ষীও ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন