প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন সানজিদা আহমেদ তন্বী, যিনি জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও ডাকসু নেত্রী। ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২৪ নভেম্বর) এই পুরস্কার তাকে প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
সানজিদা আহমেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। ওই দিন রক্তাক্ত অবস্থায় লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় ছবিটি ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
এদিকে, এবারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ চার শিক্ষক ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
শিক্ষকদের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক—এই চার ক্যাটাগরিতে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের তিনজন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন