০৯:৫৮ পি.এম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আবারও মাঠমুখী করেছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে ডাসার ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। ফুটবলে বাংলাদেশ যেন একদিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই সারা দেশে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠছে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।”
আরও পড়ুন: ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ ও আরিফ স্মৃতি সংঘ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ডাসার সবুজ সংঘ ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু এবং ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ খেলা উপভোগ করেন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে অপরিকল্পিত ওয়াকওয়ে নির্মাণ: সৌন্দর্যহানি ও জনদুর্ভোগের আশঙ্কায় এলাকাবাসীর ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন