ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রানওয়ে বাড়াতে সরানো হচ্ছে ১৩৬ বছরের মসজিদ


রানওয়ে বাড়াতে সরানো হচ্ছে ১৩৬ বছরের মসজিদ

ভারতের পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দরের ভেতরে অবস্থিত গৌরীপুর জামে মসজিদ, যা ১৩৬ বছরের পুরোনো এবং স্থানীয়দের কাছে বাঁকড়া মসজিদ নামে পরিচিত, সেটির স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ এবং নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে মসজিদে প্রবেশের বিশেষ অনুমতি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নিয়মিত নামাজ আদায়ও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বর্তমান অবস্থানে মসজিদটি থাকায় দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। বড় আকারের উড়োজাহাজ ওঠানামার জন্য এটি একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। প্রধান রানওয়ে সংস্কারের সময় বিকল্প রানওয়ে ব্যবহার করতে গিয়ে নানান ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

দীর্ঘদিন ধরেই মসজিদ স্থানান্তর নিয়ে আলোচনা চলছিল। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। সম্প্রতি প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মসজিদ পরিচালনা কমিটির মধ্যে একাধিক দফা বৈঠকের পর বিষয়টি নতুন গতি পেয়েছে।

এতদিন বিরাটি মোড়ের দিক থেকে বিমানবন্দরের তিন নম্বর ফটক দিয়ে পরিচয়পত্র দেখিয়ে সাধারণ মানুষ মসজিদে প্রবেশ করতে পারতেন। এরপর বিমানবন্দরের ভেতরে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে মসজিদে পৌঁছাতে হতো। শনিবার থেকে সেই বিশেষ প্রবেশের অনুমতি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফটকের সামনে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কেউ অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে না পারেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একটি বিশেষ দল মসজিদ এলাকা পরিদর্শন করে। এরপর বিমানবন্দর নিরাপত্তা কমিটিও পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোয়। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলের অভিযোগ, ইউপি উন্নয়ন বরাদ্দে বৈষম্য

তাদের বক্তব্য, বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে কোনো বাধা সৃষ্টি করার ইচ্ছা তাদের নেই। তবে স্থানান্তরের ক্ষেত্রে ধর্মীয় মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদ কমিটিকে বিমানবন্দরের বাইরে আরও বড় ও আধুনিক একটি নতুন মসজিদ নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। নতুন স্থানে সব ধরনের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয়দের কাছে গৌরীপুর জামে মসজিদ শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। বহু বছর ধরে আশপাশের মানুষ এখানে নিয়মিত নামাজ আদায় করে আসছেন। ফলে স্থানান্তরের সিদ্ধান্তে অনেকের মধ্যে আবেগ কাজ করলেও অধিকাংশই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে রানওয়ের চারপাশে নির্দিষ্ট নিরাপত্তা অঞ্চল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যাত্রী সংখ্যা এবং উড়োজাহাজ চলাচল আরও বাড়বে। সেই বাস্তবতা মাথায় রেখেই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণ, জামায়াতের প্রত্যাহারের দাবি

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন মসজিদ নির্মাণ, স্থানান্তরের সময়সূচি এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে তা প্রকাশ করা হবে। আপাতত মসজিদে প্রবেশের অনুমতি বন্ধ থাকলেও আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১১ এম


ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে: ট্রাম্প

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে, তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। এর আগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করে। কিন্তু, এর কিছুক্ষণ পরই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায় যে, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব জাহাজের জন্য পথ উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক আছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ‘ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ করে না। এই নৌপথে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।’ সেন্টকম আরও জানায় যে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রয়োজনীয় অবস্থানে মোতায়েন রয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বাংলাদেশে এ প্রণালিতে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবে কাঁপল মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ এম


ইরানি দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবে কাঁপল মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। এই ভয়াবহ সংঘাতটি ঘটেছে রোববারের (১২ জুলাই) দিনে, যার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬০ দিনের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি ভেস্তে গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কৌশলগত সামরিক ঘাঁতি কিশ দ্বীপে ১০টিরও বেশি শত্রু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিশ শহরের গভর্নর হোসেন আমির তৈমুরি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ‘রোববার (১২ জুলাই) বিকাল থেকে কিশ দ্বীপে ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ সামরিক ছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ড্রোন ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, গোলাবারুদের ডিপো এবং যোগাযোগ ব্যবস্থাসহ প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর তুলনায় রোববারের এই হামলা ছিল অনেক বেশি বিধ্বংসী।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘আমরা তাদের ওপর নরক নামিয়ে এনেছি।’

ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, হরমুজ প্রণালির ওপর ইরানের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাকে তারা আন্তর্জাতিক সমুদ্রসীমার স্বাধীনতার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। মার্কিন প্রশাসনের মতে, এই সংকটের প্রভাব কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা মালাক্কা প্রলালি থেকে শুরু করে বসফরাস প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে দাবি করেছে যে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক আইন মেনে চলাচলকারী সমস্ত জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। তারা জানায়, ‘ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করছে না। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

এটি উল্লেখযোগ্য যে, গত এক সপ্তাহ ধরে ইরান আন্তর্জাতিক জলসীমা এড়াতে ওমানের উপকূলবর্তী রুট ব্যবহারকারী জাহাজগুলোর ওপর অনবরত হামলা চালিয়ে আসছিল।

মার্কিন হামলার জবাবে ইরানও তীব্র পাল্টা আক্রমণ শুরু করে। এএফপি এবং স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী—কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে মুহুর্মুহু সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কাতার জানিয়েছে, ইরানি হামলায় তাদের ৩ জন নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে, জর্ডান নিশ্চিত করেছে যে, ৩টি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের দেশের অভ্যন্তরে এসে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করলেও পরে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। কুয়েতও জানিয়েছে যে, তারা সম্ভাব্য হামলা প্রতিশোধ নেওয়ার জন্য কাজ করছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, তারা এবার ওমানেও আঘাত হেনেছে—যা অত্যন্ত নজিরবিহীন। এই ঘটনার পরপরই ওমান সরকার তেহরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানান। ওমানের মাটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে বৈঠক হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই হামলার ঘটনাটি ঘটল।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ এম


জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর শনির আখড়ায় বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিমের (৬২)।

এ দুর্ঘটনা রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়ার ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনিতে ঘটে।

অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা এ কে এম আব্দুল্লাহি বাকি জানিয়েছেন, দেড় বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসর নেন। তিনি দুই সন্তানের বাবা এবং শনির আখড়ায় নিজের তিনতলা বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

তিনি আরও বলেন, টানা বৃষ্টির ফলে বাড়ির নিচতলার পানির স্তর বৃদ্ধি পায়।

রাতে এশার নামাজের পর রেজাউল করিম জমে থাকা পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের আশপাশে কেউ না থাকায়, কিছুক্ষণ পরে অচেতন অবস্থায় তাকে দেখে স্বজনরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানসাটের আমের হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে ১৮ কোটি টাকার আম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ এম


কানসাটের আমের হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে ১৮ কোটি টাকার আম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার টন আমের কেনাবেচা হচ্ছে। যার বাজারমূল্য প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকা হয়ে থাকে। এখনকার দৃশ্য হলো সারি সারি ভ্যান গাড়িতে রাখা বাঁশের ঝুড়িভর্তি সুমিষ্ট ও সুস্বাদু বিভিন্ন জাতের আম। ভরা মৌসুমে বর্তমানে উৎসবমুখর পরিবেশে চলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই আমের হাটে বেচাকেনা।

কৃষি বিভাগ ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, কানসাট আম বাজারে প্রতিদিন লেনদেন প্রায় ১৮ কোটি টাকা। সরেজমিনে কানসাট আমের বাজার ঘুরে দেখা গেছে, যে ভোর থেকেই উপজেলার বিভিন্ন বাগান থেকে চাষিরা ভ্যান গাড়িতে করে আম নিয়ে বাজারে জড়ো হতে শুরু করেন। বাজারের ভেতরে ও মূল সড়কের দুই পাশে সারি সারি ভ্যান গাড়িতে আম সাজিয়ে চলে দরদাম। কেবল শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও কৃষকরা গাছের আম এখানে বিক্রি করতে আসেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও আড়তদাররা আম কিনতে ভিড় জমান এই হাটে।

হাটের বিশাল পরিধির কথা উল্লেখ করে কানসাট আম বাজারের ইজারাদার আলমগীর জুয়েল বলেন, এই আম বাজার থেকে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ ট্রাকেরও বেশি আম লোড করা হয়। কারবারিরা এসব আম কিনে দেশের বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করেন। প্রতিদিন এই বাজারে গড়ে ১৮ থেকে ২০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, আম সংগ্রহের ভরা মৌসুম চলছে। চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলাতেই আম চাষ হয় এবং এখানে চার-পাঁচটা বড় হাট রয়েছে। এর মধ্যে শিবগঞ্জের কানসাট আম বাজার সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত হয়ে উঠেছে। কানসাট বাজারে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টন আম কেনাবেচা হচ্ছে। যার দৈনিক বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা।

তিনি উল্লেখ করেন, আম মৌসুমকে কেন্দ্র করে এই বাজারে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষের সমাগম ঘটে, যা স্থানীয় বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সাধারণত, প্রতি বছর মে মাসের শেষ দিক থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত কানসাট বাজারে এভাবে প্রতিদিন উৎসবমুখর পরিবেশে আম কেনাবেচা চলে। চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৯০০ টন। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না আসলে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%