০২:৫৭ পি.এম
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করার পাশাপাশি দুই দেশের পর্যটন খাত ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বৈঠক বুধবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী জবাবে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকার ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।’
আরও পড়ুন: ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’—ডা. শফিকুর রহমান
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে এই উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরো সুদৃঢ় ও গতিশীল করবে।
সাক্ষাৎকালে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন